গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ; জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সতর্কবার্তা
‘তুরাগ নদীতে সাত ছাত্রলীগ নেতাকর্মীর লাশ’ ভিত্তিহীন
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’— এমন শিরোনামে প্রচারিত তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি এবং আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জনগণকে অনির্ভরযোগ্য বা যাচাইবিহীন তথ্য প্রচার ও শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
এএইচএম শাহাদাত হোসাইন আরও জানান, যারা এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
//ডিবিটেক/এসএন/ইকে//





