শিক্ষা ও গবেষণার নতুন ক্ষেত্র সম্প্রসারণে আইন খসড়ার অনুমোদন

পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনের মাধ্যমে শিক্ষা ও গবেষণার পরিধি বিস্তারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়
২০ জুন, ২০২৬ ০০:৪৩  

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সংসদ ভবনে ১৮ জুন, বৃহস্পতিবারঅনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ গেজেট আকারে প্রকাশিত হলেও তা কার্যকর হয়নি এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক নিয়োগ ও শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তুতি চলমান রয়েছে।

সরকার বলছে, বিদ্যমান বাস্তবতায় বিশ্ববিদ্যালয়টিকে শুধু বিজ্ঞান ও প্রযুক্তিকেন্দ্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি শিক্ষা, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন, কৃষি এবং চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করা হবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে জ্ঞানচর্চা সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং বহুমাত্রিক উচ্চশিক্ষা ব্যবস্থার বিকাশে সহায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত ও অনুমোদন করা হয়েছে।

//ডিবিটেক/বিটি/এমআই//