বুয়েটে ‘এনডব্লিউপিজিসিএল-বুয়েট রোবো কার্নিভাল’ শুরু
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL) এবং বুয়েট রোবোটিক্স সোসাইটির যৌথ উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হলো প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী আয়োজন ‘এনডব্লিউপিজিসিএল-বুয়েট রোবো কার্নিভাল ২০২৬’।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার ও প্রদর্শনীর সমন্বয়ে সাজানো হয়েছে দুই দিনের এই কার্নিভাল।
৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে কার্নিভালের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স ব্যবহারের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সি. আর. আবরার বলেন, এই কার্নিভাল শুধু একটি প্রযুক্তি প্রদর্শনী নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্মাণের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। শক্তি ও বিদ্যুৎ খাতে এআই ও রোবটিক্স ব্যবহার করে দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, বিশ্ব বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, বিগ ডেটা, আইওটি ও অটোমেশন অর্থনীতি ও সমাজকে দ্রুত রূপান্তরিত করছে। শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত কেবল ডিগ্রি প্রদান নয়, বরং দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি-সচেতন মানবসম্পদ তৈরি করা।
ড. আবরার বলেন, এই রোবো কার্নিভাল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও গবেষণার সক্ষমতা বৃদ্ধি করবে এবং গবেষণা ও শিল্পখাতের বাস্তব প্রয়োগের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে।
তিনি আরও উল্লেখ করেন, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে হবে। এ জন্য শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহুরুল হক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। উদ্বোধনী দিনেই সকাল থেকে বিকেল পর্যন্ত ‘লাইন ফলোয়ার চ্যালেঞ্জ’ ও ‘ফায়ার ফাইটিং বট’ প্রতিযোগিতার পাশাপাশি রোমাঞ্চকর ‘রোবো রেসলিং’ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানিয়েছেন, কার্নিভালের দ্বিতীয় দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি দুপুর থেকে ইসিই ভবনের ৮ম তলায় ‘পাওয়ার আপ ৪.০-আইডিয়া চ্যালেঞ্জ’ এবং ‘রোবো অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হবে, একই সময়ে ইন্সটিটিউট অব রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, বুয়েটে (IRAB) চলবে ‘প্রজেক্ট শোকেসিং’। ওই দিন সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ বিভাগের সচিব জনাব ফারজানা মমতাজ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। উদ্ভাবনী প্রযুক্তি, সৃজনশীলতা এবং তরুণ মেধার সম্মিলনে আয়োজিত এই অনুষ্ঠান দেশের প্রযুক্তি অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেছেন।
ডিবিটেক/বিএনএন/ইএমএম



