উৎপাদনশীলতা বৃদ্ধি ও শিল্প ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নে দুই দিনের কর্মসূচি
টয়োটা উৎপাদন পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু
দেশের শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, অপচয় কমানো এবং আধুনিক ব্যবস্থাপনা চর্চা বিস্তারে টয়োটা উৎপাদন পদ্ধতি বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে বিভিন্ন শিল্পখাতের ৪২ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
দেশের শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় কমানো এবং আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা চর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে টয়োটা উৎপাদন পদ্ধতি (টিপিএস) বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
২৯ জুন, শুক্রবার রাজধানীর বাংলামোটরের নাসির ট্রেড সেন্টারে অবস্থিত এইচপিএল ব্লু ওশান মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। জাপানের ডব্লিউএনএফের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটির (বিএএএস) সাবেক সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ–জাপান প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিজেটিআই) উপদেষ্টা এ.এম.এম. খায়রুল বাশার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে উৎপাদন ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ। টয়োটা উৎপাদন পদ্ধতি উৎপাদনশীলতা বৃদ্ধি, মান উন্নয়ন এবং অপচয় কমানোর একটি পরীক্ষিত ব্যবস্থাপনা কাঠামো হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।
প্রশিক্ষণ কর্মসূচিতে মূল প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন শ্রীলঙ্কার শিল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সি. বি. কনিশকা পেরেরা। প্রশিক্ষণে টয়োটা উৎপাদন পদ্ধতির মৌলিক দর্শন, সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থা, ধারাবাহিক উন্নয়ন, কর্মক্ষেত্র ব্যবস্থাপনা, সময়মতো উৎপাদন ও সরবরাহ, অপচয় শনাক্তকরণ, মান নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কর্মসূচিটি তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অনুশীলন এবং শিল্পখাতভিত্তিক উদাহরণের মাধ্যমে সাজানো হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে অর্জিত অভিজ্ঞতা প্রয়োগ করতে পারেন।
এই কর্মসূচিতে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে ৪২ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিকন, ইন্টারস্টফ অ্যাপারেলস, এক্সক্লুসিভ, সিলকেন সুইং, উর্মি গ্রুপ ও মজুমদার গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তৈরি পোশাক, বস্ত্র, উৎপাদন, প্রকৌশল ও সেবা খাতের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে বিএএএসের জ্যেষ্ঠ সদস্য এএনএম শাহজাহান, সৈয়দ আহসানুল আপন, সৌমিত্র কে. মুতসুদ্দি এবং মহাসচিব শেখ নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/টিটি/ডিএইচই//





