পাবিপ্রবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন। ইউজিসি সদস্য ড. আবদুল্লাহ-আল-মামুন জানান, সরকার শিক্ষা খাতে ৫৬% বাজেট বাড়িয়েছে। দুই দিনে ৩০৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

পাবিপ্রবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন শুরু
১৭ জুন, ২০২৬ ২০:৩৫  

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ১৭ জুন, বুধবার থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস, কম্পিউটিং এন্ড ইনটিলিজেন্স ইনফ্রাস্টাকচার -২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।  এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, পাওয়ার ও এনার্জি সিস্টেম, যোগাযোগ প্রযুক্তি ও স্মার্ট টেকনোলজির মতো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।

প্রথম দিনে জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংপিল শিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং শতাধিক গবেষক মোট ১৮০টি প্রবন্ধ জমা দেন। দুই দিনে ৩৯টি সেশনে মোট ৩০৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, "দক্ষ মানবসম্পদ গড়তে বর্তমান সরকার শিক্ষা খাতে ৫৬ শতাংশ বাজেট বাড়িয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আয়ের সুযোগ করে দিতে তৈরি হচ্ছে স্মার্ট সিটি। এছাড়া এই প্রথম বাজেটে সৃজনশীল অর্থনীতির জন্য বরাদ্দ রাখা হয়েছে।" এই সম্মেলন বিশ্ব গবেষকদের সাথে দেশীয় শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম তার বক্তব্যে বলেন, জ্ঞান সৃষ্টি ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করাই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ। নবীন এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বুয়েটের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, অধ্যাপক ড. সিলিয়া শাহনাজ, অধ্যাপক ড. মো. ইমামুল হাসান ভুইয়া এবং আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন। 

বৃহস্পতিবার সমাপনী দিনে আরও শতাধিক গবেষক তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন।

//ডিবিটেক/এফএইচসি/এমআই//