'প্রগতিশীল শিক্ষক সমাজ'-এর অনলাইন বৈঠকে সম্পৃক্ততায় বাধ্যতামূলক অবসর বা বরখাস্তের হুঁশিয়ারি
পবিপ্রবির ১১ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অভিযোগ; ১ সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে অনধিকার অনলাইন বৈঠকে যুক্ত থাকার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১১ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। ৫ আগস্ট, বুধবার রেজিস্ট্রার স্বাক্ষরিত জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। পাশাপাশি পৃথক ১০টি অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল হোসেনকে সাময়ি
রাষ্ট্রবিরোধী ও অনৈতিক অনলাইন তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১১ জন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে রাষ্ট্রবিরোধী এ ধরনের প্ল্যাটফর্মে যুক্ত না হতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করে এক জরুরি নোটিশ জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের বুধবার (৫ আগস্ট) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামের একটি সংগঠন টেলিগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মাধ্যমে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনলাইন তৎপরতার অংশ হিসেবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে। মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চক্রান্ত এবং সংবিধান ও বিচারব্যবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে। ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের ওই অনলাইন বৈঠকে পবিপ্রবির ১১ শিক্ষকও অংশ নেন বলে বিশ্ববিদ্যালয়ের কাছে তথ্য রয়েছে, যা পবিপ্রবি আইন ২০০১ এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরসহ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে, উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক একটি অফিস আদেশে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পবিপ্রবি কর্তৃপক্ষ। জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাদের হুমকি প্রদানসহ পৃথক ১০টি অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এবং রিজেন্ট বোর্ডের অবহিতকরণ সাপেক্ষে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও বরখাস্ত হওয়া শিক্ষক ড. মুহাম্মদ ইকবাল হোসেন ফোন রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের রাষ্ট্রের সংবিধান, আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
//ডিবিটেক/পিকেও/এসএমই//





