বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের আহ্বান
গবেষণার ফল হতে হবে মানুষের কাজে লাগার মতো
গবেষণার ফল বাস্তব প্রয়োগের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন। তিনি লাগসই প্রযুক্তির প্রসার, শিল্প খাতে গবেষণার ব্যবহার এবং প্রভাবভিত্তিক উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।
গবেষণার ফলাফল এমন হতে হবে, যা মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে। গবেষণা শুধু প্রকাশনা বা কাগজের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না; এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
১৭ জুন, বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘লাগসই প্রযুক্তির মানোন্নয়নে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, গবেষণার ফলাফলকে প্রোটোটাইপ বা নমুনা আকারে শিল্প খাতে পৌঁছে দিতে হবে, যাতে শিল্পপ্রতিষ্ঠানগুলো তা পরীক্ষামূলকভাবে ব্যবহার করে সেবা বা পণ্য হিসেবে বাজারজাত করতে পারে। এর মাধ্যমে গবেষণার বাস্তব প্রভাব সমাজে দৃশ্যমান হবে।
তিনি বলেন, গবেষণার সাফল্য তখনই অর্থবহ হবে, যখন তা মানুষের জীবনে পরিবর্তন আনবে। বাস্তব প্রয়োগহীন উদ্ভাবন বা গবেষণা থেকে সরে এসে প্রয়োজনভিত্তিক ও ফলপ্রসূ গবেষণার দিকে গুরুত্ব দিতে হবে।
লাগসই প্রযুক্তি সম্পর্কে সচিব বলেন, এটি কোনো সস্তা প্রযুক্তির ধারণা নয়; বরং সময়োপযোগী, কার্যকর ও দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিকে বোঝায়। বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি নির্বাচন করতে হবে, প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য দেশকে বাধ্য করা উচিত নয়।
তিনি আরও বলেন, লাগসই প্রযুক্তি এমন হতে হবে যা সহজলভ্য, সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে টেকসই। একই সঙ্গে এটি সম্প্রসারণযোগ্য হতে হবে, যাতে পাইলট প্রকল্পের সীমা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে বিস্তৃত করা যায়। প্রযুক্তি উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে।
সেমিনারে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমদ এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বক্তব্য দেন।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি সেমিনারে অংশ নেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ আলী ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এএএম/এমআই//





