রোনালদোর বিনিয়োগে
ইউটিউবে ফটবল বিশ্বকাপ সম্প্রচার, তবে...
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ যখন তুঙ্গে, তখন বিশ্বকাপ সম্প্রচার নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে ইউটিউবভিত্তিক একটি প্ল্যাটফর্মকে কেন্দ্র করে। ক্রিশ্চিয়ানো রোনালদো–র বিনিয়োগ করা ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোডের অংশীদার প্ল্যাটফর্ম ‘কেজটিভি’ এবারের বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ বিনামূল্যে সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে।
তবে এই সুবিধা শুধুমাত্র ব্রাজিলের দর্শকদের জন্য সীমাবদ্ধ থাকছে। ফলে বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীরা ইউটিউব বা টুইচে চ্যানেলটি খুললেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। কারণ, সম্প্রচারের ডিজিটাল স্বত্ব কেবল ব্রাজিল অঞ্চলের জন্য কেনা হয়েছে।
ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল ২০২২ সালে লাইভমোডের সঙ্গে অংশীদারত্বে কেজটিভি চালু করেন। সেই বছর বিশ্বকাপের কিছু ম্যাচ সম্প্রচার করার পর প্ল্যাটফর্মটি পরবর্তীতে নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টও সম্প্রচার করেছে।
এবারের বিশ্বকাপ উপলক্ষে কেজটিভি 4K রেজোলিউশনে ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা করেছে। পাশাপাশি দর্শকদের জন্য পর্দার পেছনের বিশেষ দৃশ্য, সাংস্কৃতিক আয়োজন এবং বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠানও থাকছে। তরুণ দর্শকদের আকৃষ্ট করাই তাদের মূল লক্ষ্য বলে জানা গেছে।
অন্যদিকে বাংলাদেশ ও ভারতে এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রচার স্বত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে জি এন্টারটেইনমেন্ট। তারা নিজেদের স্পোর্টস চ্যানেল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচ দেখাতে পারে বলে আলোচনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ সম্প্রচারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের ক্রীড়া সম্প্রচারের ধরণ বদলে দিতে পারে। তবে অঞ্চলভিত্তিক সম্প্রচার স্বত্বের কারণে এখনো বিশ্বের সব দর্শক সমানভাবে এসব সুবিধা পাচ্ছেন না।
/ডিবিটেক/এনএ/ইকে/



