ফেসবুকে আবেগঘন বিদায়বার্তা মির্জা ফখরুলের
• ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়ে চূড়ান্ত বিদায়।
• সংসদীয় দলের সভায় বক্তব্যকালে আবেগাপ্লুত হয়ে দোয়া প্রার্থনা।
• তৃণমূল নেতাকর্মীদের মাঝে ত্যাগী নেতা হিসেবে ইতিবাচক মূল্যায়ন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দিয়েছেন সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই বার্তা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আয়োজিত বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেন তিনি। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তৃণমূল নেতাকর্মীরা তাঁকে দুঃসময়ের পরীক্ষিত সঙ্গী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে আখ্যায়িত করছেন।
//ডিবিটেক/এসআইএস/এসএমই//





