ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’

ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’
২৫ মে, ২০২৬ ১২:০৬  

ঈদযাত্রায় যানজট কমাতে ও দ্রুত টোল আদায় নিশ্চিত করতে পদ্মা সেতুতে চালু হয়েছে দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’। এসপায়ার টু ইনোভেট (এটুআই) পরিচালিত এই প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে যানবাহন চালকদের টোল প্লাজায় থেমে নগদ অর্থ পরিশোধ করতে হচ্ছে না। চলতি পথে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত টোল পরিশোধ ককরতে পারায় ঈদকেন্দ্রিক অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে গিয়ে টোলকর্মীরাও কিছুটা স্বস্তি পাচ্ছেন।

২৫ মে, সোমবার এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম জানান, এখন পর্যন্ত ১০ হাজারের বেশি যানবাহন এই সেবায় নিবন্ধিত হয়েছে এবং ৭ কোটির বেশি টাকার টোল আদায় সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ডি-টোল চালুর ফলে যানজট কমেছে, যাতায়াতে স্বস্তি বেড়েছে এবং বিপুল কর্মঘণ্টা সাশ্রয় হচ্ছে।

টোলপ্লাজায় দায়িত্বরত একজন কর্মী জানান, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মে যানবাহনের বিদ্যমান বিআরটিএ আরএফআইডি ট্যাগ ব্যবহার করেই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাচ্ছে। ফলে আলাদা কোনো ডিভাইস বা অন-বোর্ড ইউনিট কেনার প্রয়োজন হচ্ছে না।

এটুআইট সূত্রে প্রকাশ, বর্তমানে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে সেবাটি চালু করা হয়েছে। ঈদ উপলক্ষে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবহারকারীরা বিভিন্ন ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টোল পরিশোধ করতে পারছেন।  ডি-টোলের পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, নগদ, ট্যাপ, উপায়, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক ও প্রাইম ব্যাংক। ভবিষ্যতে আরও ব্যাংক ও ডিজিটাল ওয়ালেট এই প্ল্যাটফর্মে যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডি-টোল প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার “ওয়ান নেশন, ওয়ান টোলিং সিস্টেম” বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এর আওতায় ভবিষ্যতে দেশের বিভিন্ন সেতু, এক্সপ্রেসওয়ে ও টোল সড়কে একই আরএফআইডি ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে টোল পরিশোধ করা যাবে।

জানাগেছে, পদ্মা সেতুতে সফল বাস্তবায়নের পর যমুনা সেতুসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সেতু ও এক্সপ্রেসওয়েতে ডি-টোল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট টোল অপারেটরদের সমন্বয়ে জাতীয় আন্তঃসংযুক্ত টোলিং ইকোসিস্টেম গড়ে তোলার কাজ চলছে।

সংশ্লিষ্টদের মতে, ডি-টোল শুধু টোল আদায় ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করবে না, বরং ডিজিটাল লেনদেন সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, যানজট কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।

/ডিবিটেক/আরআই/ ইকে/