তাইওয়ানে হাজার কোটি ডলার বিনিয়োগ করছে এএমডি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক বাজারে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং আধিপত্য বিস্তার করতে এক বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে আমেরিকান চিপ জায়ান্ট ‘অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস’ (এএমডি)। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, তারা তাইওয়ানের এআই ইকোসিস্টেম এবং প্রযুক্তি খাতে ১ হাজার কোটি (১০ বিলিয়ন) মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করতে যাচ্ছে। একই সাথে তাইওয়ানিজ প্রতিষ্ঠানগুলোর সাথে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করবে তারা।
এআই চিপের বাজারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এনভিডিয়া-কে টেক্কা দিতে এএমডি-এর এই বিশাল বিনিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
জোর দেওয়া হচ্ছে বিদ্যুৎ-সাশ্রয়ী চিপ প্রযুক্তিতে
এএমডি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এই নতুন মহাপরিকল্পনার অংশ হিসেবে তারা তাইওয়ানের শীর্ষ চিপ প্যাকেজিং ও টেস্টিং প্রতিষ্ঠান ‘এএসই’ এবং ‘এসপিআইএল’-এর সাথে যৌথভাবে কাজ করবে। এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো—ভবিষ্যতের অত্যাধুনিক এআই সিস্টেম এবং প্রসেসরগুলোর জন্য আরও বেশি বিদ্যুৎ-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি তৈরি করা।
বর্তমানে বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টারগুলোর বিপুল বিদ্যুতের ক্ষুধা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, এএমডি-এর এই বিদ্যুৎ-সাশ্রয়ী চিপ প্রযুক্তি তা অনেকাংশে কমিয়ে আনতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনের অন্যতম প্রধান হাব হিসেবে পরিচিত তাইওয়ানে মার্কিন এই টেক জায়ান্টের বিশাল বিনিয়োগ এআই প্রযুক্তির বিপ্লবকে আরও ত্বরান্বিত করবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স



