এবার কথা বলবে জিমেইল ইনবক্স

এবার কথা বলবে জিমেইল ইনবক্স
২০ মে, ২০২৬ ১৯:৫৮  

জিমেইল ইনবক্সে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার আরও এক ধাপ এগিয়ে গেল। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’-এ জিমেইলের জন্য ‘জিমেইল লাইভ’ নামের একটি নতুন কনভার্সেশনাল বা কথোপকথনভিত্তিক এআই ফিচার চালুর ঘোষণা দিয়েছে টেক জায়ান্টটি। এর ফলে এখন থেকে ইনবক্সে কোনো মেইল বা তথ্য খোঁজার জন্য আর টাইপ করে সার্চ করতে হবে না, সাধারণ মানুষের মতো জিমেইলের সাথে সরাসরি মুখে কথা বলেই যেকোনো তথ্য বের করা যাবে।

গুগল জানিয়েছে, তাদের নিজস্ব এআই মডেল ‘জেমিনি’ চালিত এই ফিচারটি ইনবক্সের শত শত মেইলের ভিড়ে লুকিয়ে থাকা প্রয়োজনীয় তথ্য চোখের পলকে খুঁজে দিতে সাহায্য করবে।

টাইপ করার দিন শেষ, খুঁজবে মুখে বলা কথায়
সাধারণত ফ্লাইটের টিকিট, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের সময়, হোটেলের বুকিং কোড কিংবা সন্তানের স্কুলের কোনো নোটিশ খুঁজতে জিমেইলের সার্চ বক্সে গিয়ে বিভিন্ন কি-ওয়ার্ড লিখে সার্চ করতে হতো। অনেক সময় একই বিষয়ের একাধিক মেইল থাকায় সঠিক তথ্যটি খুঁজে পাওয়া বেশ ঝামেলার হতো।

জিমেইলের প্রোডাক্ট লিড দেবাংশী ভান্ডারী এক ব্রিফিংয়ে বলেন, “জিমেইল লাইভ মানুষের স্বাভাবিক মুখের ভাষা বুঝতে পারবে। এমনকি আপনি যদি কোনো প্রশ্ন করার পর সম্পূরক প্রশ্ন করেন বা কথা বলার মাঝখানে তাকে থামিয়ে অন্য প্রসঙ্গে চলে যান, এটি তাও নিখুঁতভাবে ধরতে পারবে।” সাংবাদিকদের সামনে এক প্রদর্শনীতে তিনি জিমেইল লাইভকে সন্তানের স্কুলের ট্যুর এবং হোটেলের রুম নম্বর নিয়ে মুখে প্রশ্ন করেন এবং এআই চ্যাটবটটি চটপট সঠিক উত্তর দিয়ে দেয়।

সমালোচনার মুখে গুগলের সতর্ক পদক্ষেপ
বর্তমানে বিশ্বজুড়ে বিপুল বিদ্যুৎ খরচ ও নতুন ডেটা সেন্টার তৈরি নিয়ে এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে যখন সাধারণ মানুষের মনে নানামুখী প্রশ্ন উঠছে, তখন গুগল জিমেইলের মতো প্রতিদিনের ব্যবহৃত সেবায় এআই-এর এই বাস্তবমুখী ব্যবহার দেখাল।

অবশ্য গুগল স্পষ্ট করেছে যে, নতুন এই ভয়েস ফিচারটি জিমেইলের চিরাচরিত ‘সার্চ বক্স’ অপশনকে প্রতিস্থাপন বা বন্ধ করে দিচ্ছে না, এটি কেবল একটি অতিরিক্ত সুবিধা হিসেবে থাকবে। এর আগে গুগল ফটোজ-এ জোরপূর্বক এআই সার্চ চালু করার পর ব্যবহারকারীদের তীব্র ক্ষোভের মুখে তা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল গুগল। সেই অভিজ্ঞতা থেকে এবার শুরুতেই একে বাধ্যতামূলক করা হচ্ছে না।

কারা পাবেন এই সুবিধা?
জিমেইলে কথা বলার এই ‘জিমেইল লাইভ’ ফিচার ছাড়াও রেডি-টু-সেন্ড ড্রাফট (তৈরি খসড়া) এবং তাৎক্ষণিক ফাইল অ্যাক্সেসের মতো আরও কিছু নতুন সুবিধা যুক্ত হচ্ছে। চলতি বছরের শুরুতে চালু হওয়া ‘এআই ইনবক্স’ সুবিধাটি এখন থেকে গুগল এআই আল্ট্রা গ্রাহকদের পাশাপাশি ‘প্রো’ এবং ‘প্লাস’ সাবস্ক্রাইবারদের জন্যও উন্মুক্ত করা হচ্ছে।

তবে মুখে কথা বলার বিশেষ ‘জিমেইল লাইভ’ ফিচারটি আগামী গ্রীষ্মের শেষের দিকে বাজারে আসবে এবং প্রাথমিক পর্যায়ে এটি কেবল গুগলের সর্বোচ্চ প্রিমিয়াম সেবা ‘গুগল এআই আল্ট্রা’ সাবস্ক্রাইবাররাই ব্যবহার করতে পারবেন।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ