২১ অক্টোবর আসছে স্যামসাংয়ের এক্সআর হেডসেট

২১ অক্টোবর আসছে স্যামসাংয়ের এক্সআর হেডসেট
১৫ অক্টোবর, ২০২৫ ১২:০৮  

প্রযুক্তি জায়ান্ট স্যামসাং আগামী ২১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত অ্যান্ড্রয়েড এক্সআর (এক্সআর) হেডসেট উন্মোচন করতে যাচ্ছে। “ওয়ার্ল্ড ওয়াইড ওপেন” নামের এ বিশেষ গ্যালাক্সি ইভেন্টটি বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে। ইভেন্টটি স্যামসাংয়ের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। খবর এনগ্যাজেট।

অভ্যন্তরীণভাবে প্রজেক্ট মূহান নামে পরিচিত এই হেডসেটটির অফিসিয়াল নাম হবে স্যামসাং গ্যালাক্সি এক্সআর। এটি হবে প্রথম বাণিজ্যিক পণ্য, যা অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মে তৈরি—যা ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি উভয় অভিজ্ঞতা দিতে সক্ষম।

গত সপ্তাহে প্রজেক্ট মূহান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার পর স্যামসাং দ্রুত এ ঘোষণায় আসে বলে ধারণা করা হচ্ছে। আগে থেকেই প্রতিষ্ঠানটি ২০২৫ সালের মধ্যেই নতুন হেডসেটটি বাজারে আনার পরিকল্পনা জানিয়েছিল।

বিশেষজ্ঞদের ধারণা, “ওয়ার্ল্ড ওয়াইড ওপেন” ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি এক্সআরের মূল্য ও বাজারজাতের তারিখ প্রকাশ করবে।

ডিবিটেক/বিএমটি