ওপেনএআই মামলায় হারলেন ইলন মাস্ক, আপিলের ঘোষণা
সিলিকন ভ্যালির বহুল আলোচিত ওপেনএআই বনাম ইলন মাস্কের মামলায় বড় ধাক্কা খেলেন বিশ্বসেরা ধনী ইলন মাস্ক। প্রায় তিন সপ্তাহের দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মাস্কের বিপক্ষে রায় দিয়েছেন। জুরি বোর্ড জানিয়েছে, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান এই মামলায় আইনিভাবে দায়ী নন।
মূলত ‘সংবিধিবদ্ধ সময়সীমা’ বা লিমিটেশন অ্যাক্ট পার হয়ে যাওয়ার পর মামলা করায় ইলন মাস্কের আনা ‘দাতব্য ট্রাস্টের চুক্তিভঙ্গ এবং অবৈধভাবে সম্পদ অর্জন’-এর অভিযোগগুলো খারিজ করে দেন ক্যালিফোর্নিয়ার বিচারক ইভন গঞ্জালেস রজার্স। বিচারক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাস্ক এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও তা তাৎক্ষণিকভাবে খারিজ করা হবে। তবে রায় ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে মাস্ক জানিয়েছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
মামলার মূল প্রেক্ষাপট ও মাস্কের ক্ষোভ
২০২৪ সালে ইলন মাস্ক ওপেনএআই-এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, অল্টম্যান এবং ব্রকম্যান মিলে একটি অলাভজনক দাতব্য সংস্থাকে ‘চুরি’ করে বাণিজ্যিক লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন। বিশেষ করে মাইক্রোসফটের কাছ থেকে ১ হাজার ৩০০ কোটি (১৩ বিলিয়ন) ডলার বিনিয়োগ নেওয়াকে আদি চুক্তির চরম লঙ্ঘন বলে দাবি করেন মাস্ক।
মামলার রায় নিয়ে এক্সে ইলন মাস্ক লেখেন, “বিচারক ও জুরি মামলার মূল বিষয়ের ওপর কোনো রায় দেননি, কেবল ক্যালেন্ডারের একটি প্রযুক্তিগত মারপ্যাঁচে তা খারিজ করেছেন। যারা এই মামলাটি বিশদভাবে দেখছেন, তাদের কাছে কোনো সন্দেহ নেই যে অল্টম্যান ও ব্রকম্যান একটি দাতব্য সংস্থাকে চুরি করে নিজেরা ধনী হয়েছেন। এখন শুধু প্রশ্ন হলো তারা এটা কখন করেছিলেন!”
আদালতে অল্টম্যান-মাস্কের বাদানুবাদ
শুনানি চলাকালীন ইলন মাস্কের আইনজীবীরা স্যাম অল্টম্যানকে একজন ‘মিথ্যাবাদী ও প্রতারক’ হিসেবে চিত্রিত করার চেষ্টা করেন। ওপেনএআই-এর সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিরা মুরাতির একটি পুরোনো বক্তব্য আদালতে তুলে ধরা হয়, যেখানে তিনি অল্টম্যানকে ‘একজনের কাছে এক কথা এবং অন্যজনের কাছে সম্পূর্ণ উল্টো কথা বলা’ মানুষ হিসেবে বর্ণনা করেছিলেন।
আদালতে অল্টম্যানকে যখন জিজ্ঞেস করা হয় তিনি নিজেকে সৎ মনে করেন কি না, অল্টম্যান কিছুটা আমতা আমতা করে বলেন, “আমি তাই বিশ্বাস করি।” সঙ্গে সঙ্গে মাস্কের আইনজীবী চেপে ধরলে অল্টম্যান পরে উত্তর সংশোধন করে সরাসরি “হ্যাঁ” বলেন।
অন্যদিকে, স্যাম অল্টম্যান আদালতে কিছুটা রক্ষণাত্মক থাকলেও ইলন মাস্ক ছিলেন বেশ আক্রমণাত্মক ও খিটখিটে মেজাজে। ওপেনএআইয়ের আইনজীবীদের প্রশ্নের জবাবে মাস্ক বলেন, “আপনার প্রশ্নগুলো সহজ নয়, এগুলো মূলত আমাকে ফাঁদে ফেলার জন্য সাজানো।” তবে মামলার শেষ দিনে মাস্ক আদালতে অনুপস্থিত ছিলেন। জানা গেছে, আদালতের নির্দেশ অমান্য করেই তিনি সে সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চীন সফরে চলে যান।
স্বস্তিতে মাইক্রোসফট ও ওপেনএআই
এই রায়ের পর এক বিবৃতিতে মাইক্রোসফটের মুখপাত্র বলেন, “এই মামলার তথ্য এবং সময়রেখা শুরু থেকেই স্পষ্ট ছিল। জুরি বোর্ডের এই খারিজের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিশ্বজুড়ে মানুষের কল্যাণে এআই প্রযুক্তির সম্প্রসারণে আমরা ওপেনএআইয়ের সাথে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আইনি বিশ্লেষকরা বলছেন, মামলা শুরুর আগেই মাস্কের জেতার সম্ভাবনা বেশ ক্ষীণ ছিল। মাস্ক চেয়েছিলেন ওপেনএআই-এর বাণিজ্যিক রূপান্তর বাতিল করতে এবং অল্টম্যান ও ব্রকম্যানকে পদ থেকে সরিয়ে দিতে। কিন্তু সরকারি কর্মকর্তাদের অনুমোদিত একটি বাণিজ্যিক রূপান্তরকে আদালত এভাবে হুট করে বাতিল করতে একেবারেই রাজি হননি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট



