আরও ৭৫০০ স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন

আরও ৭৫০০ স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন
১০ জানুয়ারি, ২০২৬ ০৯:৪৮  

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে আরও ৭ হাজার ৫০০টি দ্বিতীয় প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী স্টারলিংক স্যাটেলাইটের অনুমোদিত সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজারে। এ সিদ্ধান্তকে পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট ইন্টারনেট সেবার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স।

এফসিসি জানিয়েছে, নতুন স্যাটেলাইটগুলো একাধিক ফ্রিকোয়েন্সিতে পরিচালিত হতে পারবে এবং আগের কিছু সীমাবদ্ধতাও শিথিল করা হয়েছে, যা নেটওয়ার্ক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। 

এই স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাইরে সরাসরি মোবাইল সংযোগ সুবিধা এবং দেশটির ভেতরে অতিরিক্ত কভারেজ দেওয়া সম্ভব হবে। এতে সর্বোচ্চ ১ গিগাবিট প্রতি সেকেন্ড গতির ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

শর্ত অনুযায়ী, স্পেসএক্সকে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে অনুমোদিত স্যাটেলাইটের অন্তত ৫০ শতাংশ উৎক্ষেপণ ও কার্যক্রম শুরু করতে হবে। বাকি সব স্যাটেলাইট ২০৩১ সালের মধ্যে কক্ষপথে স্থাপন করতে হবে। 

বর্তমানে প্রায় ৯ হাজার ৪০০ স্যাটেলাইট পরিচালনা করে স্পেসএক্স বিশ্বে সবচেয়ে বড় স্যাটেলাইট অপারেটর হিসেবে অবস্থান করছে।

ডিবিটেক/বিএমটি