অ্যারিজোনার সিলিকন ডেজার্টে বিএসআইএ সিলিকন রিভার ইউএসএ রোডশো অনুষ্ঠিত
অ্যারিজোনার ফিনিক্সে অনুষ্ঠিত হলো বিএসআইএ সিলিকন রিভার ইউএসএ রোডশো। সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের সম্ভাবনা ও বৈশ্বিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা।
টেক্সাসের অস্টিনে সফলযাত্রার পর যুক্তরাষ্ট্রের অন্যতম দ্রুত বর্ধনশীল সেমিকন্ডাক্টর হাব হিসেবে পরিচিত অ্যারিজোনার ফিনিক্সে (সিলিকন ডেজার্ট) অনুষ্ঠিত হয়েছে ‘বিএসআইএ সিলিকন রিভার ইউএসএ রোডশো ২০২৬’।
স্থানীয় সময় ৭ জুন, রবিবার একটি সফল ‘ব্রেনগেইন’ (BRAINGAIN) রিসেপশনের মাধ্যমে ফিনিক্স পর্বের সূচনা হয়। এতে ৩০টিরও বেশি বৈশ্বিক সেমিকন্ডাক্টর কোম্পানির প্রতিনিধিত্বকারী ৮০ জনেরও বেশি অনাবাসী বাংলাদেশি (NRB) সেমিকন্ডাক্টর পেশাদার অংশ নেন। নকিবুল ইসলাম তপন (বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর, স্ট্যাটস চিপপ্যাক-জেসিইটি) বিএসআইএ প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং অ্যারিজোনার সেমিকন্ডাক্টর অর্থনীতির ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরেন। বিএসআইএ সভাপতি এম এ জব্বার প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার জন্য অ্যারিজোনা কমিউনিটিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশর সেমিকন্ডাক্টর যাত্রায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অভিজ্ঞ পেশাদার জাবির এবং ড. রিয়াদ ‘অ্যারিজোনা বাংলাদেশি সেমিকন্ডাক্টর সোসাইটি’ (এবিএসএস)-এর কার্যক্রম উপস্থাপন করেন। পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সিলিকন রিভার ইনিশিয়েটিভের প্রধান স্থপতি মুহাম্মদ মুস্তফা হুসাইন বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভিশন ও এর কৌশলগত অগ্রাধিকার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইবিএম-এর অভিজ্ঞ প্রযুক্তি নেতা ড. রেজাউল ইসলাম পাভেল ‘এজেন্টিক এআই’ (Agentic AI) এর ক্রমবর্ধমান ভূমিকা এবং এর জন্য বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ সরকারের পক্ষে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল সেমিকন্ডাক্টর উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ক্যাকটাস মেটেরিয়ালস, ডিএসআই, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, আইটেস্ট, উল্কাসেমি এবং চিপমেন্টরস-এর পক্ষ থেকে তাদের সক্ষমতা ও উদীয়মান সুযোগগুলো উপস্থাপন করা হয়। অ্যারিজোনা বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বিএএজেড)-এর সভাপতি এবং নিউ রেলিকের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৈয়দ জাকি হুদার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অভিজ্ঞ সেমিকন্ডাক্টর পেশাদার নূর জামিল সারওয়ারের নেতৃত্বে এই পুরো ইভেন্টটি সফলভাবে আয়োজন করা হয়।
পরদিন স্থানীয় সময় ৮ জুন, সোমবার বিএসআইএ প্রতিনিধিদল অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (এএসইউ) পরিদর্শন করে। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি, ইন্টার্নশিপের সুযোগ এবং ‘ক্রেস্ট’ (CREST) প্রোগ্রামের সাথে যুক্ত হওয়াসহ ৩ ঘণ্টার একটি ফলপ্রসূ আলোচনা হয়। অধ্যাপক হুসাইন সেখানে একটি ১০ বছর মেয়াদি রোডম্যাপ উপস্থাপন করেন, যা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ভাইস প্রোভোস্ট জেফ গসসহ অন্যান্যদের দ্বারা প্রশংসিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বেয়ার (BEAR) সামিট ২০২৬’-এ অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে।
সফর শেষে প্রতিনিধিদলটি বুয়েট অ্যালামনাই ও বিশিষ্ট সেমিকন্ডাক্টর উদ্যোক্তা ড. রফিকুল ইসলাম প্রতিষ্ঠিত ‘ক্যাকটাস মেটেরিয়ালস’ পরিদর্শন করে বৈশ্বিক প্রতিযোগিতা ও দক্ষ জনবল নিয়ে আলোচনা করেন। অ্যারিজোনার কার্যক্রম শেষে প্রতিনিধিদলটি সিলিকন ভ্যালির উদ্দেশ্যে রওনা হয়েছে।
//ডিবিটেক/ এইচএ/ ইকে//





