এআই ও রোবটিক্স শিক্ষায় যৌথ উদ্যোগে বিডিওএসএন ও ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ

এআই ও রোবটিক্স শিক্ষায় যৌথ উদ্যোগে বিডিওএসএন ও ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ
১৩ মে, ২০২৬ ২০:০১  

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স এবং স্টেম শিক্ষার প্রসারে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ। ১৩ মে, বুধবার রাজধানীর ধানমন্ডিতে ক্রিয়েটিভ আইটি-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের পক্ষে চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ এবং বিডিওএসএনের পক্ষে কোষাধ্যক্ষ প্রমি নাহিদ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেন, বিডিওএসএনের সভাপতি মুনির হাসান এবং পার্টনারশিপ ম্যানেজার মাহমুদ মীম।

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, এআই অলিম্পিয়াড এবং স্টেমভিত্তিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে রোবটিক্স ও এআই বুটক্যাম্প, ইনোভেশন ক্যাম্প এবং কোডিং কর্মশালার আয়োজন করা হবে।

এছাড়া আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতমুখী কারিকুলাম তৈরি, দক্ষ মেন্টর ও প্রশিক্ষক গড়ে তোলা এবং প্রযুক্তি শিক্ষাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠান দুটি।

আয়োজকরা জানান, এই অংশীদারত্ব শুধু সচেতনতামূলক কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না; বরং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারী শিক্ষার্থী ও তরুণদের ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

ডিবিটেক/এমএম/ইকে