আইওটি পণ্য ব্যবসায় গ্রামীণফোনের রিটেইলার সুমাস টেক
নিজেদের আইওটি পণ্য ব্যবসায় এবার রিটেইলার নিয়োগ দিচ্ছে সেলুলার সেবায় এসএমপি প্রতিষ্ঠান গ্রামীণফোন। এজন্য মোবাইল, ল্যাপটপ এবং গ্যাজেট বিক্রয়কারী খুচরা চেইন সুমাস টেক লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে অপারেটরটি।
চুক্তি অনুযায়ী গ্রামীণফোন আলো’র স্মার্ট আইওটি সল্যুশনের অন্তর্ভূক্ত সিসি ক্যামেরা ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) এবং টেলিকম পণ্য-পকেট রাউটার, সিম কার্ড ও ডেটা প্যাকসহ অন্যান্য সেবা বিক্রি করা হবে সারাদেশে অবস্থিত ১৫টি সুমাস টেক স্টোর থেকে। পণ্য ক্রয়ে দেয়া হবে এক্সক্লুসিভ ভাউচার সুবিধা। পাশাপাশি, নির্বাচিত ১০টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পণ্য ক্রয়ে গ্রাহকরা সর্বোচ্চ ৫,০০০ টাকা মূল্যের সুমাস টেক ভাউচার পাবেন, যা নির্ধারিত সুমাস টেক আউটলেটে ব্যবহার করা যাবে।
৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, পার্টনারশিপটি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর বসুন্ধরার জিপি হাউসে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন নাফিস আনোয়ার চৌধুরী, হেড অফ কাস্টমার সার্ভিস আবদুল্লাহ আল মাহমুদ, হেড অফ ডিস্ট্রিবিউশন এসকে. ইফতেখার আহমেদ এবং সুমাস টেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ পিয়াস ও হেড অফ মার্কেটিং মোঃ রাসেদুল আলম রাফি খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে থাকেন গ্রাহক। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য ভবিষ্যত-উপযোগী টেলিকম ও ডিজিটাল সল্যুশনসহ তাদের পছন্দের গ্যাজেট ইলেকট্রনিক্স এক জায়গায় সহজলভ্য করতে চাই, যা তাদের ডিজিটাল-ফার্স্ট জীবনধারাকে আরও সমৃদ্ধ করবে।”
সুমাস টেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ পিয়াস বলেন, “সংযোগ ও উদ্ভাবনের প্রতীক গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের জন্য আমরা একসাথে এনেছি সেরা টেলিকম ও ইলেকট্রনিকস অভিজ্ঞতার নিশ্চয়তা; পাশাপাশি পণ্য কেনার ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা।”





