ঈদের আগে জাল নোট ঠেকাতে মাঠে ব্যাংকগুলো

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশের কোরবানির পশুর হাটে জাল নোটের অপতৎপরতা ঠেকাতে তফসিলি ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন, নোট যাচাই ও গণনা সেবা প্রদান এবং জাল নোট ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট […] The post ঈদের আগে জাল নোট ঠেকাতে মাঠে ব্যাংকগুলো first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

ঈদের আগে জাল নোট ঠেকাতে মাঠে ব্যাংকগুলো
১০ মে, ২০২৬ ২১:৩০  

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশের কোরবানির পশুর হাটে জাল নোটের অপতৎপরতা ঠেকাতে তফসিলি ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন, নোট যাচাই ও গণনা সেবা প্রদান এবং জাল নোট ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত এক‌টি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অনুমোদিত পশুর হাটগুলোতে জাল নোট চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌর এলাকার পশুর হাটে ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে বিনামূল্যে নোট যাচাই ও গণনা সেবা দিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ঢাকার দুই সিটি কর্পোরেশনের পশুর হাটগুলোতে অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দিয়ে জাল নোট শনাক্তকরণ বুথ পরিচালনা করতে হবে। এসব বুথে জাল নোট শনাক্তকরণ মেশিন ও নোট কাউন্টিং মেশিন রাখতে হবে এবং হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীন সেবা দিতে হবে।

এ জন্য বিভিন্ন হাটে দায়িত্বও বণ্টন করেছে কেন্দ্রীয় ব্যাংক। গাবতলী পশুর হাটে দায়িত্ব পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এছাড়া বিভিন্ন হাটে দায়িত্ব পেয়েছে সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসিসহ বিভিন্ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঢাকার বাইরে যেসব জেলায় কেন্দ্রীয় ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট অফিসের নেতৃত্বে একই ধরনের কার্যক্রম পরিচালিত হবে। আর যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস নেই, সেখানে পশুর হাটভিত্তিক দায়িত্ব বণ্টনের কাজ করবে সোনালী ব্যাংক পিএলসি-এর চেস্ট শাখাগুলো।

সার্কুলারে আরও বলা হয়, বুথ স্থাপন ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসারের সহযোগিতা নেওয়া যাবে।

জাল নোট শনাক্ত হলে তা গ্রাহককে ফেরত না দিয়ে প্রচলিত বিধি অনুযায়ী জব্দ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নাম-ঠিকানা ও বক্তব্য সংগ্রহ করে নোটটি তদন্তের জন্য পুলিশের কাছে পাঠাতে হবে। একই সঙ্গে জব্দ করা জাল নোটে লাল কালি দিয়ে “Forged” বা “Forgal” লিখতে হবে।

এছাড়া ব্যাংকের সব শাখায় গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরে ঈদের আগ পর্যন্ত প্রতিদিন ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ভিডিও প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদুল আজহা শেষে ৩০ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টে জমা দিতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

The post ঈদের আগে জাল নোট ঠেকাতে মাঠে ব্যাংকগুলো first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.