দেশের উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সরকারি ইন্টার্নশিপ কার্যক্রমে কার্যকরভাবে সম্পৃক্ত করতে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কার্যালয়ে একটি বিশেষ পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকার প্রণীত ‘ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩’ বাস্তবায়নে ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (নাইস)’ প্ল্যাটফর্মের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করলেও বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ না পাওয়ায় শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে একটি দৃশ্যমান ব্যবধান তৈরি হচ্ছে। এই সংকট নিরসনে এবং শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে তাদের কর্মসংস্থানযোগ্যতা বাড়াতে সরকার এই ইন্টার্নশিপ নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
কর্মশালায় ‘নাইস’ প্ল্যাটফর্মকে একটি সম্ভাবনাময় ডিজিটাল সমাধান হিসেবে উপস্থাপন করে জানানো হয় যে, এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে। ডিজিটাল পদ্ধতিতে ইন্টার্নশিপের চাহিদা নির্ধারণ, আবেদন গ্রহণ, মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কাজের তদারকি ও মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে।
এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবির সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
অন্যদিকে, বুয়েটের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ড. এ.এইচ.এম. রুহুল কুদ্দুস শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বিদ্যমান সীমাবদ্ধতা ও উত্তরণের পথ নিয়ে আলোচনা করেন।
এছাড়া কর্মশালার প্রেক্ষাপট ও ডিজিটাল প্ল্যাটফর্মের কারিগরি দিক নিয়ে প্রেজেন্টেশন দেন কনসালট্যান্ট আব্দুল্লাহ আল ফাহিম ও সালাহউদ্দিন মোহাম্মদ উজ্জ্বল।
আইসিটি বিভাগ ও বিভিন্ন নীতিনির্ধারণী সংস্থার প্রতিনিধিরা এই প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি দক্ষ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় ইউএনডিপি-এর প্রতিনিধি ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা একমত পোষণ করেন যে, সমন্বিত উদ্যোগ এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমেই ইন্টার্নশিপ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও ফলপ্রসূ করা সম্ভব।
ডিবিটেক/এমজেডইউ/ইকে