রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
২৩ এপ্রিল, ২০২৬ ২০:১৬  
রাজধানীজুড়ে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। 
২৩ এপ্রিল, বৃহস্পতিবার, মোহাম্মদপুরের বছিলায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন এবং মোহাম্মদপুর থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পুলিশ এই কঠোর অবস্থান নিয়েছে। ডিএমপি কমিশনার জানান, বর্তমান সরকার অচিরেই ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের এই বৃহৎ প্রকল্প পাস করতে যাচ্ছে। বিশেষ করে অপরাধপ্রবণ মোহাম্মদপুর এলাকায় অপরাধ ঠেকাতে অচিরেই সরকারিভাবে ৭০০ সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হবে।
বছিলাবাসীর উদ্দেশ্যে তিনি নিজ উদ্যোগে বাড়ির আশেপাশে ক্যামেরা লাগানোর অনুরোধ জানিয়ে বলেন, নজরদারি বাড়লে ঢাকা মহানগরী আরও নিরাপদ হবে।
বক্তব্যে মো. সরওয়ার মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, রাজধানীর ৫০টি থানায় ইতিমধ্যে অতিরিক্ত ফোর্স এবং ঊর্ধ্বতন কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
অপরাধীদের দমনে পুলিশ বিশেষ কৌশল অবলম্বন করছে উল্লেখ করে তিনি বলেন, মোহাম্মদপুর এলাকার অপরাধীদের তালিকা পুলিশের কাছে রয়েছে। কার কী আয়ের উৎস এবং কারা অবৈধ ইনকামের মাধ্যমে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে, তা বিশ্লেষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জেনেভা ক্যাম্পের পরিস্থিতি ও কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার নিশ্চিত করেন যে, সেখানে গোয়েন্দা তৎপরতা ও যৌথ অভিযান (র‍্যাব, ডিবি ও পুলিশ) অব্যাহত রয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনাকে ডিএমপি এখন ‘চ্যালেঞ্জ’ হিসেবে নিয়েছে। এছাড়া সড়কে বিশৃঙ্খলা রোধে সচেতন নাগরিকদের অটোরিকশা বর্জনের আহ্বান জানিয়ে তিনি নগরবাসীকে পুলিশের কাজে সহযোগিতার অনুরোধ জানান।

ডিবিটেক/এসএম/ইকে