ওটিটিতে ঝুঁকছেন তৌসিফ

ওটিটিতে ঝুঁকছেন তৌসিফ
১৪ এপ্রিল, ২০২৬ ২২:২৬  

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘চক্র ২’ মাত্র এক সপ্তাহেই দ্বিগুণ আয় করেছে বলে জানা গেছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ সাবস্ক্রিপশন ও ভিউ পাওয়া সিরিজ এটি। এই সিরিজের প্রেমে পড়েই যেন ওটিটিতে ঝুঁকে পড়ছেন এই সিরিজের অন্যতম চরিত্র। 

২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিরিজটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সিরিজের অন্যতম চরিত্র  ‘ড. হুমায়ূন’ চরিত্রটি নিয়ে তৈরি হচ্ছে নানা রসিক ছবি, মিমস এবং কার্টুন—যা সিরিজটির জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে। এই চরিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচনায় এসেছেন তৌসিফ মাহবুব।

এবার চলছে তৃতীয় সিজনের প্রস্তুতি। আগেই পরিকল্পনা করা ছিল পরবর্তী সিজন। সিরিজের শেষেই ‘চক্র ৩’র ঘোষণা দেওয়া হয়েছে। তাই বর্তমানে নাটকের কাজ কিছুটা কমিয়ে এনেছেন তৌসিফ। তার লক্ষ্য, কম কাজ করলেও মানসম্মত কাজ করা।

এ সিরিজে ড. হুমায়ূন চরিত্রটি তৌসিফের ক্যারিয়ারে অন্যতম চ্যালেঞ্জিং। বাইরে থেকে সাধারণ মনে হলেও চরিত্রটির ভেতরে রয়েছে বহু স্তর। দীর্ঘ প্রস্তুতি, গবেষণা এবং সূক্ষ্ম অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন তিনি। বিশেষ করে ‘এভিল’ সংলাপ ছাড়াই জটিল এক ব্যক্তিত্বকে উপস্থাপন করা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ।

পহেলা বৈশাখে  বাসা থেকে পান্তা-ইলিশ খেয়ে শুটিং সেটে গিয়ে সহকর্মীদের সঙ্গেও দিনটি উদযাপন করেছেন। রমনার বটমূলে মেলার আনন্দের সঙ্গে শৈশবের এক মজার স্মৃতিও শেয়ার করেন তিনি। আগে ওটিটিতে আসতে সময় নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন। তার মতে, সঠিক গল্প না পেলে কাজ করা উচিত নয়। এর আগে নাটকে ‘খোয়াবনামা’, ‘ফার্স্ট লাভ’, ‘এমন দিনে তারে বলা যায়’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’র মতো জনপ্রিয় কাজ করলেও, ওটিটিতে নিজের মতো গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে ‘চক্র’ সিরিজের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হয়েছে।

 ‘চক্র ২’ প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়ায় অভিভূত তৌসিফ জানান, ঈদের কনটেন্টের ভিড়েও সিরিজটি আলাদা করে আলোচনায় এসেছে, যা তার ক্যারিয়ারে বড় প্রাপ্তি।

ডিবিটেক/এমএআর/ইকে