আইস্ক্রিন ‘চক্র ২’ স্ট্রিমিং শুরু
ভিকি জাহেদ নির্মিত আলোচিত সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ ‘চক্র ২’-এর স্ট্রিমিং শুরু হয়েছে। তৌসিফ মাহবুব ও আজমেরী হক বাঁধন অভিনীত এই সিরিজটির দ্বিতীয় সিজনে ৮টি পর্ব রয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য এটি মুক্তি পেয়েছে ২৬ মার্চ, বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে (iScreen)। মুক্তির পর থেকে ২৫ টাকায় বিনিময়ে ওয়েব সিরিজটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
এদিকে মুক্তির সঙ্গে সঙ্গেই নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে সিরিজটি নিয়ে একটি পোস্ট করেন এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব। সিরিজটির একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে তৌসিফ লিখেছেন, ‘আইস্ক্রিনে চক্র ২ দেখা যাচ্ছে।’
এরপর সতর্কবার্তা উল্লেখ করে লেখেন, ‘দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য নয়।’
প্রথম মৌসুমের মতো এবারও হুমায়ূন চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। এছাড়া এতে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। সিরিজটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি, মার্শিয়া শাওন প্রমুখ।
পরিচালক ভিকি জাহেদ নির্মিত ‘চক্র’ সিরিজটি মূলত ১৭ বছর আগে ময়মনসিংহে একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক ‘আত্মহত্যা’ ঘটনার প্রেরণায় তৈরি। প্রথম মৌসুমে ঘটনার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া গেলেও রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি।
শেষ দৃশ্যে দেখা যায়, এক পরিবারের সদস্যরা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই ভয়াবহ মুহূর্তে পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ূনকে খবর দেয়। কিন্তু সমাধান দেওয়া বা পাশে দাঁড়ানোর বদলে হুমায়ূনের আচরণই রহস্যকে আরও জটিল করে তোলে।
দ্বিতীয় মৌসুমে সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি গল্প আরও গভীর ও অন্ধকার মোড় নেবে বলে জানিয়েছেন নির্মাতা।
নতুন সিজন প্রসঙ্গে ভিকি জাহেদ জানান, যেখানে গল্প থেমেছিল, সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। আদম পরিবারের পেছনের অন্ধকার ইতিহাস এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কারণ এই মৌসুমের মূল অনুসন্ধান।



