ভিআইপি প্যাক চালু করলো টফি

ভিআইপি প্যাক চালু করলো টফি
২৮ মে, ২০২৫ ১৩:২৭  
২৮ মে, ২০২৫ ১৫:২৮  

সিনেমা, সিরিজ, খেলাধুলা এবং এক্সক্লুসিভ শোসহ ১০ হাজারেরও বেশি কনটেন্ট নিয়ে প্রথমবারের মত ভিআইপি প্যাক চালু করল দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি।  সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক সাবস্ক্রিপশন হিসেবে টফির ভিআইপি প্যাক সাবস্ক্রাইব করা যাবে। 

বুধবার এ বিষয়ে টফির মূল প্রতিষ্ঠান বাংলালিংক জানিয়েছে, ভিআইপি প্যাকের ৭ দিনের জন্য ৭৬ টাকা, ৩০ দিনের জন্য ১২৬ টাকা, ৯০ দিনের জন্য ২৭৬ টাকা এবং ৩৬৫ দিনের জন্য ৬৩৬ টাকা সাবস্ক্রিপশন থাকছে। সমৃদ্ধ কন্টেন্ট লাইব্রেরি সবার হাতের নাগালে নিয়ে আসতে, ৭ দিন এবং ৩০ দিন মেয়াদী বাংলালিংক ডেটা প্যাকেও টফি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সুযোগ আজ থেকে কার্যকর হবে।

এ নিয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “টফি শুধু বিনোদনই নয়, বরং সামগ্রিকভাবে সবার ডিজিটাল অভিজ্ঞতাকে আরো সাবলীল ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে কাজ করছে। ভিআইপি প্যাকস চালুর মাধ্যমে সাশ্রয়ী খরচে প্রিমিয়াম কনটেন্টকে আমরা আরও সহজলভ্য করে তুলেছি, যা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। বর্তমান সময়ের দর্শকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে এ উদ্যোগ প্রিমিয়াম কনটেন্ট উপভোগের সুযোগকে আরও সাশ্রয়ী, স্বাচ্ছন্দ্যদায়ক ও প্রাসঙ্গিক করে তুলেছে।”