গুগলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী অ্যাপটয়েডের মামলা

গুগলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী অ্যাপটয়েডের মামলা
১৫ এপ্রিল, ২০২৬ ১৪:৫৯  

গুগলের একচেটিয়া কার্যকলাপের অভিযোগে এন্টিট্রাস্ট মামলা দায়ের করেছে পর্তুগিজ অ্যাপ স্টোর অ্যাপটয়েড। কোম্পানিটি অভিযোগ করেছে যে, গুগল প্রতিযোগীদের অ্যানড্রয়েড অ্যাপ বিতরণ ও বিলিং থেকে বাদ দিয়ে তাদের ব্যবসা ধ্বংস করছে।

অ্যাপটয়েডের অভিযোগ, গুগলের ‘এন্টিকম্পিটিটিভ চোকহোল্ডের’ কারণে তারা গুগলের মূল্য ও নীতির ওপর চাপ সৃষ্টি করতে পারেনি। অ্যাপটয়েড নিজেদের বিশ্বের তৃতীয় বৃহত্তম অ্যানড্রয়েড অ্যাপ স্টোর দাবি করে, যেখানে প্রায় ৪ লাখ ৩৬ হাজার অ্যাপ ও ২০২৪ সালের হিসাবে ২০ কোটি ব্যবহারকারী রয়েছে।

আইনজীবীরা বলছেন, অ্যাপটয়েড দাবি করছে যে, গুগল শীর্ষ ডেভেলপারদের কাছ থেকে এক্সক্লুসিভ কন্টেন্ট প্রতিযোগীদের অ্যাক্সেস বন্ধ করে দেয় এবং ডেভেলপারদের গুগল প্লে ও অন্যান্য ‘অবশ্যপ্রয়োজনীয়’ সেবায় নিয়ে যায়। এতে করে অ্যাপটয়েডের অপূরণীয় ক্ষতি হচ্ছে।

এটি প্রথমবার নয় যে, অ্যাপটয়েড গুগলের বিরুদ্ধে অভিযোগ এনেছে। ২০১৪ সালে তারা ইউরোপীয় ইউনিয়নের এন্টিট্রাস্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছিল। বর্তমান মামলাটি সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে, যেখানে অনির্দিষ্ট পরিমাণ তিনগুণ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে জনপ্রিয় গেম ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের বিরুদ্ধে পাঁচ বছরের একটি মামলা নিষ্পত্তি করতে অ্যানড্রয়েড ও অ্যাপ স্টোরে পরিবর্তন আনতে রাজি হয়েছিল গুগল। ২০২৩ সালে একটি জুরি গুগলকে অবৈধভাবে প্রতিযোগিতা দমনের দোষী সাব্যস্ত করে। বিচারক পরবর্তী বছর ব্যাপক সংস্কারের নির্দেশ দেন। 

এছাড়া ২০২৪ সালের আগস্টে এক বিচারক গুগলের সার্চ ইঞ্জিনকেও অবৈধ একচেটিয়া বলে রায় দেন, যেখানে গুগলকে প্রতিযোগীদের সঙ্গে সার্চ ডাটা শেয়ার করতে বলা হয়েছে। গুগল সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

অ্যাপটয়েডের এই মামলা গুগলের অ্যাপ স্টোর নীতি নিয়ে ক্রমবর্ধমান আইনি চাপের আরেকটি উদাহরণ।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: রয়টার্স