অর্ধ-মিলিয়নের মাইলফলক পেরোলো শাওমির ইভি
মাত্র তিন বছর আগে গাড়ি তৈরির ঘোষণা দিয়েছিল শাওমি। সেই প্রতিষ্ঠানই এখন দুনিয়া কাঁপানো এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে—৫ লাখ ইলেকট্রিক গাড়ি ডেলিভারি হয়েছে ইতিমধ্যে! ২০ নভেম্বর এই সংখ্যা অতিক্রম করে শাওমি ইভি, যা প্রমাণ করে—দেরিতে শুরু করলেও জয়ের পথে এগোচ্ছে তারা দুর্বার গতিতে। খবর ইভিএরিনা।
এ বছর শাওমির লক্ষ্য ছিল ৩ লাখ গাড়ি ডেলিভারি—যা পরে মার্চে বাড়িয়ে ৩.৫ লাখ করা হয়। কিন্তু শাওমি সেই লক্ষ্যও এক মাস আগেই পূরণ করে। এখন কোম্পানির প্রত্যাশা, ২০২৫ সালে মোট ডেলিভারি ৪ লাখ ছাড়িয়ে যাবে। শুধু নভেম্বরেই ডেলিভারি হয়েছে ৪০ হাজারেরও বেশি।
শাওমির এই সাফল্য আরও অবিশ্বাস্য হয়ে ওঠে সময়সীমা বিবেচনায়। ২০২১ সালের ৩০ মার্চ গাড়ি তৈরির ঘোষণা; ২০২৪ সালের ২৮ মার্চ লঞ্চ এসইউ৭ সেডান; আর ৩ এপ্রিল শুরু গ্রাহক ডেলিভারি—এত দ্রুত উৎপাদনে ওঠার নজির খুব কমই আছে।
প্রথম মডেল এসইউ৭ সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে টেসলা মডেল ৩-এর সঙ্গে। এরপর বাজারের চাহিদা বুঝে শাওমি আনে এসইউ৭ আল্ট্রা-হাই-এন্ড পারফরম্যান্স সেডান। একই বছর ২৬ জুন তারা এসইউভি সেগমেন্টে যুক্ত করে ওয়াইইউ৭- যা টেসলা মডেল ওয়াই-এর চ্যালেঞ্জার।
আগ্রাসী দাম, আধুনিক প্রযুক্তি ও টেসলা–সমতুল্য পারফরম্যান্স—এই তিন কৌশলই শাওমিকে বাজারে উত্থান ঘটাতে সাহায্য করেছে। ইতিমধ্যে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে শাওমির ইনোভেশন ব্যবসা বিভাগ (ইভি + এআই) প্রথমবারের মতো লাভ দেখিয়েছে।
চীনে নিউ এনার্জি ভেহিকল (এনইভি) কেনার কর–সুবিধা আগামী বছর কমে যাচ্ছে। তাই শাওমি দ্রুত ডেলিভারির জন্য নতুন স্টক, ডিসপ্লে ইউনিট ও প্রায় নতুন গাড়ির ব্যাচ ঘোষণা করেছে। পুরনো বুকিংধারীরা তাৎক্ষণিকভাবে বাছাই করতে পারছেন; নতুন ক্রেতারা ৩ ডিসেম্বর থেকে সুযোগ পাবেন।
ডিবিটেক/বিএমটি







