স্টারলিংককে টেক্কা দিতে স্যাটেলাইট কোম্পানি গ্লোবালস্টার কিনছে অ্যামাজন

স্টারলিংককে টেক্কা দিতে স্যাটেলাইট কোম্পানি গ্লোবালস্টার কিনছে অ্যামাজন
১৫ এপ্রিল, ২০২৬ ০৯:৩০  
১৫ এপ্রিল, ২০২৬ ১১:৪২  

স্যাটেলাইট সংযোগের যুদ্ধে গুগল ও অ্যাপলের পর এবার স্টারলিংকের প্রতিদ্বন্দ্বিতা করতে বড় অঙ্কের বিনিয়োগ করল অ্যামাজন। অ্যামাজন ঘোষণা করেছে, তারা স্যাটেলাইট কোম্পানি গ্লোবালস্টার ১১.৫৭ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে। যার মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শক্তি বাড়াবে অ্যামাজন।

স্টারলিংকের বিশাল নেটওয়ার্ক
স্টারলিংক ইতিমধ্যে ১০ হাজার স্যাটেলাইটের নেটওয়ার্ক দাঁড় করিয়েছে এবং ৯০ লাখের বেশি গ্রাহক পেয়েছে। এই বিশাল পরিধির কাছে পৌঁছানো অ্যামাজনের পক্ষে কঠিন চ্যালেঞ্জ হবে। কিন্তু গ্লোবালস্টার অধিগ্রহণ এই ব্যবধান কিছুটা কমাবে। 

গ্লোবালস্টারের দু ডজন স্যাটেলাইট যুক্ত হবে অ্যামাজনের ২০০টির বেশি স্যাটেলাইটের নেটওয়ার্কের সঙ্গে। এছাড়া ২০২৯ সালের মধ্যে অ্যামাজনের মোট ৩,২০০ স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রযুক্তি ও পরিষেবা
গ্লোবালস্টারের স্যাটেলাইট নেটওয়ার্কটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা সরাসরি মোবাইল ডিভাইসে কম ডাটার নির্ভরযোগ্য সংযোগ দেয়। অর্থাৎ ভবিষ্যতে টাওয়ারের প্রয়োজন ছাড়াই ফোন থেকে সরাসরি স্যাটেলাইটে সংযোগ স্থাপন করা যাবে। অ্যামাজন এই প্রযুক্তি ব্যবহার করে ২০২৮ সাল থেকে সেবা দিতে চায়। স্টারলিংক অবশ্য টি-মোবাইলের মতো কোম্পানির সঙ্গে অংশীদারি হয়ে একই ধরনের সেবা তৈরির কাজ করছে।

অ্যাপলের সঙ্গে সম্পর্ক অটুট
গ্লোবালস্টার বর্তমানে অ্যাপলের ইমার্জেন্সি এসওএস ও ফাইন্ড মাই ফিচার চালায়। অ্যামাজন অধিগ্রহণের পরও অ্যাপলের সঙ্গে এই সেবা চুক্তি বহাল থাকবে। এর আগে ২০২৪ সালে অ্যাপল গ্লোবালস্টারে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল। যদিও অধিগ্রহণের পর অ্যাপলের অংশীদারিত্বের অবস্থা কী হয়, তা পরিষ্কার নয়।

বাজার ও নজরদারি
অধিগ্রহণের খবরে গ্লোবালস্টারের শেয়ার ১০ শতাংশ বেড়েছে। অ্যামাজন বলছে, চুক্তিটি সম্পন্ন করতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও নির্দিষ্ট উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। মার্কিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এই অধিগ্রহণের ব্যাপারে ‘খোলা মনোভাব’ পোষণ করছে বলে জানিয়েছে।

এই অধিগ্রহণের মাধ্যমে উপগ্রহ ইন্টারনেট বাজারে অ্যামাজনের অবস্থান শক্ত হবে, তবে স্টারলিংকের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো সহজ হবে না।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: রয়টার্স