হ্যাকিংয়ের সত্যতা স্বীকার করলো রকস্টার গেমস

হ্যাকিংয়ের সত্যতা স্বীকার করলো রকস্টার গেমস
১২ এপ্রিল, ২০২৬ ১৬:৫৮  

রকস্টার গেমস তাদের ক্লাউড সার্ভারে একটি ‘থার্ড-পার্টি ডাটা ব্রিচ’ নিশ্চিত করেছে। ‘শাইনিহান্টারস’ নামের একটি হ্যাকিং গ্রুপ কোম্পানিটিকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেছে, ১৪ এপ্রিলের মধ্যে অর্থ (র‍্যানসম) পরিশোধ না করলে ফাঁস করে দেওয়া হবে সংবেদনশীল তথ্য।

কীভাবে হলো হ্যাক?
খবরে বলা হয়, শাইনিহান্টারস রকস্টারের ক্লাউড সার্ভারে অনুপ্রবেশ করে। গ্রুপটি তাদের ওয়েবসাইটে একটি পোস্টে ‘পে অর লিক’ চূড়ান্ত বার্তা দেয়। তারা এখনো জানায়নি ঠিক কী ধরনের তথ্য হাতিয়ে নিতে পেরেছে। তবে দাবি করেছে, তথ্য ফাঁস হলে কোম্পানির বেশ কিছু ‘ডিজিটাল সমস্যা’ তৈরি হবে।

রকস্টারের অবস্থান
রকস্টার গেমস এই ঘটনা নিশ্চিত করে কোটাকুকে জানিয়েছে, “তৃতীয় পক্ষের ডেটা লঙ্ঘনের কারণে কোম্পানির কিছু অ-মূল্যবান তথ্য অ্যাক্সেস করা হয়েছে। এই ঘটনায় ‘আমাদের প্রতিষ্ঠান বা খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলবে না’।” তারা জানিয়েছে, গেম তৈরির সরঞ্জাম বা মূল সোর্স কোডের মতো সংবেদনশীল তথ্য ফাঁস হয়নি।

ইতিহাসের পুনরাবৃত্তি?
রকস্টারের জন্য এটি প্রথমবার নয়। ২০২২ সালে ‘ল্যাপসাস$’ গ্রুপ ভবিষ্যৎ গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) -এর ৯০টির বেশি ভিডিও ও সোর্স কোড ফাঁস করে দেয়। ওই ঘটনায় দায়ী ১৮ বছর বয়সী হ্যাকারকে ‘অনির্দিষ্টকালের জন্য হাসপাতালে পাঠানোর’ শাস্তি দিয়েছিল যুক্তরাজ্যের আদালত।

শাইনিহান্টারস গ্রুপটি নতুন নয়। তারা এর আগে মাইক্রোসফট, গুগল ও টিকেটমাস্টারের মতো বড় কোম্পানিতে ডেটা লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। 

রকস্টারের আর্থিক অবস্থা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এখন দেখার বিষয়, ১৪ এপ্রিলের মধ্যে কোম্পানিটি কী সিদ্ধান্ত নেয় এবং হ্যাকাররা তাদের হুমকি কার্যকর করে কি না।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: এনগ্যাজেট