১৩ এপ্রিল ট্রিপল প্লে’র ঝলক দেখাবে ব্রডব্যান্ড এক্সপো ২০২৬
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের শুরু থেকেই মোবাইল ইন্টারনেটের আধিক্য থাকলেও টেলিমেডিসিন, ই এডুকেশন ও স্মার্ট সিকিউরিটির মতো সেবায় ফিক্সড ব্রডব্যান্ডের কোনো বিকল্প নেই। আর অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গঠনে উচ্চগতির ও স্থিতিশীল সংযোগ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আইওটি ও ডিজিটাল জীবনযাপন টেকসই করা সম্ভব নয়।
এমন বাস্তবতায় ভবিষ্যতের সঙ্গে দেশের গণমানুষের সেতুবন্ধন রচনায় “Linking People, Linking Future” প্রতিপাদ্যে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) বসছে তিন দিনব্যাপী ব্রডব্যান্ড এক্সপো ২০২৬।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলোর সংগঠন ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশশের (আইএসপিএবি) আয়োজনে জাতীয় পর্যায়ের ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলোর পাশাপাশি এবারের মেলায় অংশ নিচ্ছে উদ্ভাবক, সেবাদাতা ও ক্ষুদ্র উদ্যোক্তারা। সাতটি প্যাভিলিয়নসহ মেলায় থাকছে অর্ধশত স্টল। এবারের মেলায় আনুষ্ঠানিক ভাবে ট্রিপল প্লে, নগরে ঝুলন্ত তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এবং এই সংযোগকে কেন্দ্র করে শিক্ষা-চিকিৎসা; বাণিজ্য ও বিনোদনের নতুন ধারার প্রদর্শনী থাকছে বলে জানা গেছে।
দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং ভবিষ্যৎ ডিজিটাল সংযোগের দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন।
উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
আর ১৫ এপ্রিল সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের মন্ত্রী ফকির মহবুব আনাম।
সেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
আয়োজন বিষয়ে জানতে চাইলে আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া জানান, তিন দিনব্যাপী এই এক্সপোতে দেশের শীর্ষস্থানীয় ব্রডব্যান্ড ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। এতে নতুন প্রযুক্তি, ইন্টারনেট অবকাঠামো, ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী সমাধান তুলে ধরা হবে। ভবিষ্যতের টেকসই সংযোগ অবকাঠামোকে সামনে রেখে আয়োজনটি দেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, বরং দেশের ব্রডব্যান্ড শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার একটি পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটাবে। উদ্বোধনী দিনেই ট্রিপল প্লে চালু, ধানমন্ডি’র ১ জিবি কানেক্টিভিটির পাইলট প্রকল্প দেশজুড়ে বিস্তারসহ আইটিইএস সেবা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। আগামী শনিবার এ বিষেয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডিবিটেক/আইএইচ/ইকে







