ডিজিটালি আরও উন্নত হতে জিপিএইচ ইস্পাতের সঙ্গে পিডব্লিউসি’র চুক্তি

ডিজিটালি আরও উন্নত হতে জিপিএইচ ইস্পাতের সঙ্গে পিডব্লিউসি’র চুক্তি
৩১ মার্চ, ২০২৬ ২২:১৫  
৩১ মার্চ, ২০২৬ ২৩:০৮  

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যতম শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড তাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সক্ষমতা আরও উন্নত করতে বিশ্বখ্যাত পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি’র (PwC) সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির ‘এসএপি এস ফোর এইচএএনএ’ (SAP S/4HANA) সিস্টেমের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট নিশ্চিত করা হবে, যা জিপিএইচ ইস্পাতের চলমান ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

৩১ মার্চ, মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই অংশীদারিত্বের আওতায় পিডব্লিউসি জিপিএইচ ইস্পাতের এসএপি এস ফোর এইচএএনএ প্ল্যাটফর্মের জন্য পূর্ণাঙ্গ ইআরপি রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট সেবা প্রদান করবে। এর মাধ্যমে সিস্টেমের নিরবচ্ছিন্ন কার্যক্রম, অপ্টিমাইজেশন এবং ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা হবে। পরবর্তী প্রজন্মের ইআরপি সিস্টেম হিসেবে এটি রিয়েল টাইম ডাটা প্রসেসিং এবং উন্নত অ্যানালিটিকস সুবিধা প্রদান করে, যা প্রতিষ্ঠানকে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এই সহযোগিতার মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ এবং সিস্টেমের নির্ভরযোগ্যতা আরও জোরদার করতে চায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ সিএফও এইচ এম আশরাফ উজ জামান এফসিএ, চিফ অপারেটিং অফিসার টি মোহন বাবু, ডিরেক্টর স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন সালেহীন মুশফিক সাদাফ, ডেপুটি জেনারেল ম্যানেজার ফাইন্যান্স প্রণব চৌধুরীসহ আইসিটি টিমের সদস্যরা। অন্যদিকে, পিডব্লিউসি’র পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান, ডিরেক্টর অ্যাডভাইজরি রুমেসা হোসেন, ম্যানেজার ওয়ান কনসাল্টিং মাহামুদুল হাসান এবং ম্যানেজার অ্যাডভাইজরি কর্পোরেট মো. মোজাম্মেল হক।

জিপিএইচ ইস্পাত লিমিটেডের গ্রুপ সিএফও এইচ এম আশরাফ উজ জামান এফসিএ বলেন, পিডব্লিউসি’র সঙ্গে এই অংশীদারিত্ব তাদের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে কার্যক্রমের উৎকর্ষতা ও ভবিষ্যৎমুখী প্রবৃদ্ধি আরও জোরদার হবে। পিডব্লিউসি’র প্রতিনিধি জানান, ইআরপি সিস্টেমের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সমাধান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এই চুক্তির মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্কের সূচনা হলো, যা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে।

ডিবিটেক/এনএ/ইকে