আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’

আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’
১ এপ্রিল, ২০২৬ ১২:৫৪  

দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেক-এর নিজস্ব ব্র্যান্ড এক্সপার্ট গুণমান ব্যবস্থাপনা পদ্ধতির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ISO 9001:2015 সনদ অর্জন করেছে। 

১ এপ্রিল,  বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সনদ প্রদানের আগে প্রতিষ্ঠানটির অপারেশনাল প্রক্রিয়া, গুণমানের মানদণ্ড এবং ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন ধাপ মূল্যায়ন করা হয়। এসব মূল্যায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সামঞ্জস্যতা যাচাই করা হয়।

ISO 9001:2015 একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুণমান ব্যবস্থাপনা সনদ, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত নিয়ন্ত্রক ও প্রাতিষ্ঠানিক মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে পারে। এ সনদের আওতায় ধারাবাহিকভাবে গুণগত মান বজায় রাখা, প্রক্রিয়াগত উন্নয়ন নিশ্চিত করা এবং সেবার মান নিয়মিত পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্ব পায়।

সনদ অনুযায়ী, আজওয়া টেক-এর কার্যক্রমের পরিধির মধ্যে রয়েছে ইলেকট্রনিক গ্যাজেট ও মোবাইল অ্যাকসেসরিজের ডিজাইন, ওইএম পণ্য উৎপাদন, ব্র্যান্ডিং এবং খুচরা বিক্রয়। প্রতিষ্ঠানটি পণ্য উন্নয়ন থেকে শুরু করে উৎপাদন, ব্র্যান্ডিং ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করে থাকে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাবিব মনসুর বলেন, এই সার্টিফিকেশন গুণমান, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক মান অনুসরণের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে এক্সপার্ট ইলেকট্রনিক গ্যাজেট ও অ্যাকসেসরিজ ক্যাটাগরিতে আইএসও সনদ অর্জন করেছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্য ও সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখা হবে।


প্রসঙ্গত, এক্সপার্ট ব্র্যান্ডের আওতায় স্মার্টওয়াচ, নেকব্যান্ড, স্পিকার, ওয়্যারলেস হেডফোন, পাওয়ার ব্যাংক, চার্জারসহ বিভিন্ন ধরনের মোবাইল অ্যাকসেসরিজ ও স্মার্ট ডিভাইস দেশের বিভিন্ন বিক্রয়কেন্দ্রের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে।

ডিবিটেক/এমএস/ইকে