তিন বছরে ফিরছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স?
দেশের কারিগরি শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর বর্তমান চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স কমিয়ে পুনরায় তিন বছরে নামিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে। ৩০ মার্চ, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উন্নয়ন কর্মসূচিগুলো সততা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিদ্যমান কারিগরি প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নের নির্দেশ দেন। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ‘মডেল পলিটেকনিক ইনস্টিটিউট’ গড়ে তোলার বিষয়টিও সভায় গুরুত্বের সাথে স্থান পায়। বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি।
কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাভার আলোচ্য বিষয় নিয়ে সংশ্লিষ্টরা জানান, সভায় কারিগরি শিক্ষার উন্নয়নে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং নতুন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও আলোচনা হয়। আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। এসময় ডিপ্লোমা কোর্সের মেয়াদ এক বছর কমানো সম্ভব হলে শিক্ষার্থীরা অনেক আগে কর্মজীবনে প্রবেশের সুযোগ পাবে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত দেন কেউ কেউ।
আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, অতীতে এই কোর্সের মেয়াদ তিন বছরই ছিল। পরবর্তীতে তা চার বছর করা হলেও পাঠ্যক্রমে তেমন কোনো উল্লেখযোগ্য বা বৈপ্লবিক পরিবর্তন আসেনি। এই বাস্তবতায় কোর্সের মেয়াদ পুনরায় তিন বছর করার যৌক্তিকতা এবং এর সম্ভাব্য সুফল ও চ্যালেঞ্জ নিয়ে সভায় নীতিনির্ধারণী আলোচনা হয়। একইসঙ্গে নতুন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। ডিপ্লোমা কোর্সের মেয়াদ কমানোর বিষয়টি চূড়ান্ত হলে তা দেশের লাখো কারিগরি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ক্যারিয়ারের গতিপথ বদলে দেবে বলে আশা করা হচ্ছে।
ডিবিটেক/এমএআর/ইকে



