৫ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল
দায়িত্ব গ্রহণের ৫ দিনের মাথায় বাতিল হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগে আদেশ।
২৯ মার্চ, রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী সই করা প্রজ্ঞাপনে এই নিয়োগ বাতিলের কথা জনানো হয়।
প্রজ্ঞাপনে জনস্বার্থে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকে অবসরে যান আবদুর রশীদ মিয়া। তবে বিএনপি সরকার এসে গত ২৪ মার্চ আব্দুর রশীদ মিয়াকে এক বছরের জন্য এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর পর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। একইসঙ্গে দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তাকে কেন প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হলো—এ নিয়ে এলজিইডির কর্মকর্তারাও অসন্তোষ জানান।
সূত্রমতে, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে থাকার সময় জ্ঞাত আয়ের বাইরে নামে–বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া। এরপরিপ্রেক্ষিতে ২০২৩ সালের এপ্রিলে আবদুর রশীদ মিয়ার অনিয়ম–দুনীতির বিষয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে নিয়োগের ৫ দিনের মাথায় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
ডিবিটেক/এনএ/এমইউএম





