আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫: ‘আলো যেথা নাচে’ উদযাপন

আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫: ‘আলো যেথা নাচে’ উদযাপন
১৬ মে, ২০২৫ ১৭:৪০  
১৬ মে, ২০২৫ ২১:৪২  

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির এবং ম্যাসল্যাবের উদ্যোগে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪ মে থেকে ১৬ মে পালিত হলো ‘আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫’। রাজধানীর মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব)   শিশুদের জন্য ‘আলো যেথা নাচে’ শীর্ষক কর্মশালার মাধ্যমে শেষ হয়েছে  তিন দিনব্যাপী এই বিজ্ঞান আয়োজন

সকালে ম্যাসল্যাবে অনুষ্ঠিত হয় ‘আলো জানো?’ শিরোনামে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দশম শ্রেণির জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে অর্ধশত শিক্ষার্থী আলো বিষয়ক বিজ্ঞানের নানা দিক নিয়ে তাদের জ্ঞান ও আগ্রহের পরিচয় দেয়। 

এর আগে, বৃহস্পতিবার উত্তরার ‘স্কুলএজ’-এ ‘আলোর ঝিলিক’ নামে এক বিজ্ঞানভিত্তিক আলোচনা ও হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়। ৫০ জনেরও বেশি শিক্ষার্থী আলোর ব্যবহার ও প্রযুক্তিগত দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা এবং চমকপ্রদ এক্সপেরিমেন্টে অংশ নেয়। একই দিনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে ‘আলোর ঝিলিক’ শিরোনামে বিজ্ঞান কুইজ ও ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৭০ জন শিক্ষার্থী আলো নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা ও হাতে-কলমে নানান এক্সপেরিমেন্টে অংশ নিয়েছিল।

এবারের আলোক দিবসের আয়োজনের সূচনা হয় ১৪ মে সাভারের রাজাশন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান কর্মশালার মাধ্যমে। প্রায় ৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথমে কুইজ এবং পরবর্তীতে আলোর গঠন, ব্যবহার ও বাস্তব উদাহরণের আয়োজন ' আলোর ঝিলিক' এর মাধ্যমে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করা হয়।

আলো শুধু দেখার উপকরণ নয়, এটি জ্ঞান, উপলব্ধি ও উদ্ভাবনেরও উৎস। আলোর এই গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানাতে ইউনেস্কো ২০১৮ সাল থেকে প্রতি বছর ১৬ মে আন্তর্জাতিক আলোক দিবস হিসেবে পালন করে আসছে। ১৯৬০ সালের এই দিনে বিজ্ঞানী থিওডর মাইম্যান বিশ্বের প্রথম কার্যকর লেজার আবিষ্কার করেছিলেন, যা বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে।

‘আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫’-এর প্রতিটি আয়োজন ছিল বিজ্ঞান, কৌতূহল ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন। প্রতিবছর এরকম আয়োজন একটি আলোকিত, বিজ্ঞানপ্রেমী ও অনুসন্ধিৎসু প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে আমাদের মধ্যে নতুন আশা জাগিয়ে যাচ্ছে।