হাসপাতালের ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের প্ল্যান ত্রুটিপূর্ণ

হাসপাতালের ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের প্ল্যান ত্রুটিপূর্ণ
২৯ মার্চ, ২০২৬ ১২:৪৯  

বিগত সময়ে স্বাস্থ্য বিভাগের যে হাসপাতালগুলো নির্মাণাধীন, সেগুলোর যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের যে প্ল্যান করেছে তা ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ২৯ মার্চ, রবিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

১৩ দিনের বিরতি শেষে এদিন বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে ‘গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণে’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন গাইবান্ধা-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শামীম কায়সার।

জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) আওতায় প্রাপ্ত এই নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টাকা কামানোর জন্য বিগত সময়ে ইল-প্ল্যানিংয়ের (দুর্বল পরিকল্পনা) মাধ্যমে হাসপাতালগুলোর অবকাঠামোর কাজ শুরু করিয়েছিল। পাশাপাশি এর মাধ্যমে লুটপাট হয়েছে। বিগত সময়ে স্বাস্থ্য বিভাগের যে হাসপাতালগুলো নির্মাণাধীন, সেগুলোর যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের যে প্ল্যান করেছে তা ত্রুটিপূর্ণ। আপনার দেখবেন এন্ট্রান্স যেদিক দিয়ে গেছে অর্থাৎ মধ্যখানে কোনো পরিকল্পনা ছাড়াই বাথরুম নির্মাণ করা হয়েছে। ফলে যেখানে কোনো দিন মানুষ ঢুকতেও পারবে না ময়লার গন্ধে। তড়িঘড়ি করে টাকা কামানোর লক্ষ্যে ইল-প্ল্যানিংয়ের মাধ্যমে হাসপাতালগুলোর অবকাঠামো তৈরির কাজ শুরু করিয়েছিল এবং লুটপাট করেছে।

মোহাম্মদ শামীম কায়সারের মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। এর ফলে এখন স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজ করার কোনো তহবিল নেই। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতো পর্যাপ্ত টাকা নেই।  সব শেষ করে গেছে। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও যা কিছু ছিল, তা নিঃশেষ হয়ে গেছে। 

‘যাই হোক, প্রধানমন্ত্রীর সঙ্গে সারাদেশের এই অবস্থা নিয়ে দুই-তিন দফা আলাপ হয়েছে। ইনশাআল্লাহ আগামী বাজেটের পর আমরা পর্যায়ক্রমে আমাদের সীমিত সম্পদের ভেতর থেকে দেশের প্রত্যেকটি উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে যতটুকু অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন আমরা ততটুকু করবো।’ যোগ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

 ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ।  এবারের অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। 

ডিবিটেক/এফআই/ইকে