যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে স্বাধীনতা দিবস উদযাপন করলো বাংলাদেশ কনস্যুলেট

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে স্বাধীনতা দিবস উদযাপন করলো বাংলাদেশ কনস্যুলেট
২৮ মার্চ, ২০২৬ ০০:৩১  

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে লস অ্যাঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট। দিবসটি উপলক্ষে সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও প্রদর্শন করা হয় তথ্য ও সম্পচার মন্ত্রণালয়ের তৈরি মহান স্বাধীনতা দিবসের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র।

পরবর্তীতে দিবসটি উদযাপন উপলক্ষে কনস্যুলেটে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে প্রবাসী বাংলাদেশিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

পরবর্তীতে, আলোচনা পর্বে উপস্থিত বক্তাগণ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামের স্মৃতিচারণ করেন। তাঁরা স্বাধীনতার তাৎপর্য ও জাতীয় ঐক্য সুদৃঢ়করণ এবং দেশের উন্নয়নের ধারাকে আরও বেগবান করার বিষয়ে আলোকপাত করেন।   

বাংলাদেশ কনস্যুলেট, লস অ্যাঞ্জেলেস-এর মাননীয় কনসাল জেনারেল জনাব কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোন ও স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন যে, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়নের ধারাকে আরও সুসংহত করা সম্ভব। তিনি প্রবাসী বাংলাদেশিদের দেশের অগ্রগতিতে সক্রিয় অবদান রাখার আহ্বান জানান এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাব-মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে একযোগে কাজ করবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

সভার শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডিবিটেক/এসএমএ/ইকে