চুয়েটের পিএমই বিভাগ স্থান পেল কিউএস বিষয়ভিত্তিক র‌্যাংকিংয়ে

চুয়েটের পিএমই বিভাগ স্থান পেল কিউএস বিষয়ভিত্তিক র‌্যাংকিংয়ে
২৮ মার্চ, ২০২৬ ০৭:১৯  
চতুর্থ বারের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ওয়ার্ল্ড বিশ্ববিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে এর বিষয়ভিত্তিক র‌্যাংকিংয়ে স্থান করে নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ। ২০২৬ সালের র‌্যাংকিং অনুযায়ী, পেট্রোলিয়াম প্রকৌশল ক্যাটাগরিতে নির্বাচিত ১৭৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্বে ১৫৫তম অবস্থানে রয়েছে বিভাগটি।

এ সম্পর্কে চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, "পিএমই বিভাগের এই স্বীকৃতি চুয়েট এর চলমান শিক্ষা—গবেষণার অগ্রযাত্রার অন্যতম উদাহরণ। আমরা চুয়েটে বিশ্বমানের শিক্ষা—গবেষণা নিশ্চিত করতে নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সীমিত বাজেট ও নানা প্রতিকূলতার মধ্যেও আমরা সফলতা পাচ্ছি। সকলের সহযোগিতায় বিদ্যমান শিক্ষা—গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে, সকল ধরনের অস্থিরতা মুক্ত ক্যাম্পাস এর মর্যাদা বজায় রেখে চুয়েট এর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক— এই কামনা করছি। আমি পিএমই বিভাগের এই উত্তরোত্তর অর্জনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।"

বিভাগটির এই সাফল্য সম্পর্কে পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, চুয়েট পিএমই বিভাগের এই অর্জন অত্যন্ত গর্বের, তবে আমাদের লক্ষ্য অনেক দূরে। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বিভাগটি গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিক অগ্রগতি বজায় রেখে আমরা লক্ষ্য পূরন করবো। তিনি আরও জানান, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং নতুন পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, বিষয়ভিত্তিক এই র‌্যাংকিংয়ের ২০২৬ সংস্করণে পাঁচটি বিস্তৃত বিষয়ের আওতায় মোট ৫৫টি পৃথক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের তালিকায় বিশ্বের ১,৯০০—এরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যার মধ্যে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে। প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের অধীনে পেট্রোলিয়াম প্রকৌশল ক্যাটাগরিতে চুয়েটের এই অর্জন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮ টি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ের জন্য র্যাংকিংয়ে তালিকাভূক্ত হয়েছে।
ডিবিটেক/এনএ/ইকে