‘ফ্যামিলি ম্যান’ : ৫ দিনে ৬০ লাখ ভিউ
এবারের রমজান মাস ও রোজার ঈদের প্রেক্ষাপটে একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্প তুলে ধরেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ১ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের এই ইউটিউব ফিল্মটি মুক্তির ৫ দিনেই ৬০ লাখের বেশি দর্শক পেয়েছে। বাস্তব জীবনের প্রতিফলন, অভিনয়শিল্পীদের হৃদয়ছোঁয়া অভিব্যক্তি, নির্মাণের মুন্সিয়ানা ও আবেগী করে দেওয়া আবহ সংগীতের মিশ্রণেপবিত্র ঈদুল ফিতরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘ফ্যামিলি ম্যান’।
ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ২১ মার্চ মুক্তির দিনে পেয়েছে ৩০ লাখ ভিউ। তিন দিনে ভিউ বেড়ে দাঁড়ায় ৫০ লাখে। আর পঞ্চম দিনে ছাড়িয়েছে ৬০ লাখ ভিউ। এতে মন্তব্য পড়েছে ১৩ হাজারের বেশি। তবে পরের দুই দিন সেই হারে ভিউ বাড়েনি।
সিদ্দিক আহমেদের লেখা গল্পে মামুন ও নীলু একে অপরকে ভালোবাসে। নীলুর বাবা-মা ধনী। মামুন ঢাকায় স্বল্প বেতনের চাকরি করে। গ্রামে তার মা, ছোট বোন ও দাদা। ঈদে তাদের জন্য নতুন পোশাক কেনার কথা ভেবে সাদামাটা ইফতার করে মামুন। সেহরিতে বাসি ভাত খায়। বোনাস না পেয়েও নিজের জন্য কিছু না কিনে সবার জন্য ঈদ উপহার নিয়ে গ্রামে যায় সে। একদিকে তার কাঁধে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নীলুর ভালোবাসা।
‘ফ্যামিলি ম্যান’-এ মামুন চরিত্রে ফারহান আহমেদ জোভান এবং নীলু চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। তারা এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’ ও ‘সম্পর্কের গল্প’তে জুটি বাঁধেন। আগের দুটির সঙ্গে নতুন ইউটিউব ফিল্ম মিলিয়ে এই ত্রয়ী সাফল্যের হ্যাটট্রিক করলেন বলা যায়। পরিবারের জন্য নিবেদিত তরুণের চরিত্রে জোভানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকেরা। বিশেষ করে কান্নার দৃশ্যগুলোতে তিনি এককথায় অনবদ্য। একইসঙ্গে গ্রামীণ তরুণী নীলু চরিত্রে তটিনীর অভিব্যক্তি চোখে লেগেছে সবার।
ডিবিটেক/এমএআর/ইকে



