ওটিটিতে বসছে ইফতারের পসরা!

ওটিটিতে বসছে ইফতারের পসরা!
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৫২  

পবিত্র রমজান মাস উপলক্ষে দর্শকদের জন্য ইফতারের বহুমাত্রিক আয়োজন থাকে টিভি পর্দাগুলোতে। এটা প্রতি রোজাতেই নিয়মিত ট্রেন্ড। সেই ট্রেন্ডে দ্বিতীয়বারের মতো যুক্ত হলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। 

নতুন স্বাদ আর তারকাবহুল আড্ডার পসরা নিয়ে এই রোজায় বঙ্গ প্রচার করতে যাচ্ছে ‘আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল’–সিজন ২। ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ১ রোজা থেকে প্রতিদিন দুপুর ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বঙ্গ সহ ফেসবুক, ইউটিউব এবং একুশে টিভিতে। 

ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এবারের আসরটি সাজানো হয়েছে রমজানের ৩০ দিনের জন্য ৩০টি ভিন্নধর্মী ও মুখরোচক ইফতার রেসিপি দিয়ে। দেশের স্বনামধন্য শেফদের রান্নার জাদুর পাশাপাশি শোটিতে বাড়তি মাত্রা যোগ করবেন জনপ্রিয় সব তারকা অতিথিরা।

অনুষ্ঠানটিতে রেসিপি শেয়ার করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, শেফ ড্যানিয়েল সি গোমেজ, রাফিয়া আহমেদ, মোহাম্মদ আসাদুজ্জামান, মাহফুজুর রহমান ও জোহরা মালিহা। শেফদের সাথে আড্ডায় যোগ দেবেন শোবিজ জগতের জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, মুমতাহিনা টয়া, রুকাইয়া জাহান চমক, তাসনোভা তিশা, দিলশাদ নাহার কণা, ঝিলিক, কমেডিয়ান আবু হেনা রনিসহ অনেকেই।

ওয়াহিদুল ইসলাম শুভ্র মনে করেন, ‘অনুষ্ঠানটি রমজানজুড়ে দর্শকদের ইফতার আয়োজনে নতুন মাত্রা যোগ করবে।’

ডিবিটেক/এনএ/ডিএইচই