ঈদে আইফোন উপহার পেল রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেটার-স্টাফরা

ঈদে আইফোন উপহার  পেল রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেটার-স্টাফরা
১৯ মার্চ, ২০২৬ ০৪:৫৮  

মাঠের লড়াই শেষ হয়েছে মাস দেড়েক আগে। প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। সেই সাফল্যের আনন্দ ভাগ করে নিতে ঈদের আগে দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের হাতে তুলে দেওয়া হয়েছে সর্বাধুনিক iPhone 17 Pro Max।

দলীয় সূত্রে জানা গেছে, ১৮ মার্চ, বৃধবার দলের ১৫ জন ক্রিকেটার ও ১০ জন কোচিং স্টাফ এই উপহার পেয়েছেন। এমন মূল্যবান উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জিসান আলম, রিপন মণ্ডল ও ওয়াসি সিদ্দিকিদের মতো তরুণ ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, খেলোয়াড়দের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ঈদের আগে তাদের অনুপ্রেরণা আরও বাড়াবে।

আর্থিক দিক থেকেও এবারের আসর ছিল লাভজনক। চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা, আর রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।

মাঠের বাইরেও ইতিবাচক উদাহরণ স্থাপন করেছে রাজশাহী। আসর শেষ হওয়ার আগেই দলটি খেলোয়াড় ও স্টাফদের শতভাগ পারিশ্রমিক পরিশোধ করেছে, যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তবে সব দলের চিত্র এক নয়। অন্যান্য দল পারিশ্রমিক পরিশোধ করলেও ঢাকা ক্যাপিটালস–এর অনেক ক্রিকেটার এখনো বকেয়া পাননি। কবে নাগাদ তারা পাওনা বুঝে পাবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

ডিবিটেক/ডিএইচই/এমইউএম