আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ালেই টিকে থাকবে ক্যাবল টিভি ব্যবসা: তথ্যমন্ত্রী
কেবল অপারেটরদের টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের এই সময়ে কেবল টিভি খাতকে টিকিয়ে রাখতে সরকার নীতিগত ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত।
১২ মার্চ বৃহস্পতিবার রাজধানীতে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন তথ্য ো সম্প্রচার মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত ইন্টারনেটভিত্তিক সমাজে রূপ নিচ্ছে। আইপি টিভি, ওটিটি এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের বিস্তার কেবল টিভি ব্যবসার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই প্রযুক্তিনির্ভর এই প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে কেবল অপারেটরদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ হতে হবে।
তিনি বলেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। রাষ্ট্র যদি সঠিক প্রযুক্তিগত ও নীতিগত কাঠামো গড়ে তুলতে পারে, তাহলে কেবল টিভি খাতের উদ্যোক্তাদের জন্য একটি নিরাপদ ও টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় কেবল টিভি ব্যবসার প্রযুক্তিগত বিষয়গুলো বিশেষজ্ঞদের মাধ্যমে উপস্থাপনের জন্য কোয়াব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সংশ্লিষ্ট শিল্পখাতের সমস্যাগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝা এবং প্রযুক্তিগত বাস্তবতার আলোকে সমাধানের পথ খুঁজে বের করা। ভবিষ্যতেও কেবল অপারেটরদের বিভিন্ন সমস্যা নিয়ে কোয়াবের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে শফিকুল হক মিলন, কোয়াবের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/ইএইচ/ইকে







