চুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু

চুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু
১০ মার্চ, ২০২৬ ১১:৫৯  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম চলছে। ১০ মার্চ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় পর্বের ভর্তিপ্রক্রিয়া শুরু হয়। উত্তীর্ণদের নির্ধারিত কাগজপত্র নিরীক্ষা কমিটির নিকট দাখিলের মধ্য দিয়ে চলছে এই কার্যক্রম।

১১ মার্চ, বুধবার সকালে প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি ১৮ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক, চুয়েট শাখায় বেলা ৩টার মধ্যে জমা দিতে হবে। তবে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা সম্পাদনের পর একই দিনে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত ফি ব্যাংকে জমা দিতে পারবে।

চুয়েটের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, মঙ্গলবার নির্ধারিত মেধাক্রমের প্রার্থীদের সনদপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। এই ধাপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মূল মেধাক্রমে ১ হাজার ২৫১ থেকে ২ হাজার ৫০০ এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠী (উপজাতি) থেকে মেধাক্রম ১১ থেকে ২০ এবং রাখাইন সম্প্রদায়ের মেধাক্রম ০২-এ থাকা প্রার্থীদের ডাকা হয়। এ ছাড়া স্থাপত্য বিভাগে মেধাক্রম ৭৬ থেকে ১২৫ পর্যন্ত থাকা শিক্ষার্থীদের ডাকা হয়।

অন্তর্ভুক্ত মেধাক্রমধারী প্রার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে নির্দিষ্ট লিংকে প্রবেশ করে লগইন করতে হয়। পূর্বে পূরণকৃত অনলাইন চয়েজ ফরম ও ড্যাশবোর্ডে নির্দেশিত অন্য সব ফরম ডাউনলোড–পূর্বক পূরণ করে প্রিন্টেড কপি ভর্তির সময় নিয়ে আসতে হয়। কোনো প্রার্থী পূর্বে অনলাইন চয়েজ ফরম পূরণ না করে থাকলে ভর্তির দিন তা পূরণের সুযোগ প্রদান করা হয়। নিরীক্ষা বোর্ড কর্তৃক শিক্ষার্থীদের সনদপত্র যাচাই–পূর্বক জমাদানের পর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।

ডিবিটেক/এএইচ/ইকে

চুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু ১০ মার্চ