নিরাপত্তাজনিত শঙ্কায় ১২ ও ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস?

নিরাপত্তাজনিত শঙ্কায় ১২ ও ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস?
১২ নভেম্বর, ২০২৫ ০০:১৬  

১৩ নভেম্বর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত “লকডাউন” কর্মসূচি ঘিরে গোটা দেশে তীব্র কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার অপরাধ সংঘটনের দায়ে বিচার চলাকালীন সময়ে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলেও ‘অনলাইনে’ নিয়মিত কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি এখন অফলাইনেও বিভিন্ন স্থানে আগুন দেয়া ও ককটেল ফোটানোর ঘটনায় নিরাপত্তা শঙ্কা বোধ করছেন নগরবাসী। 

এমন পরিস্থিতিতে নৈরাজ্য এবং প্রশাসনের বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। অরাজকতা নিয়ে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে  জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা আট দল। মঙ্গলবার দিবাগত রাতে ডাকসুর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

এর আগেই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এমন পরিস্থিতিতে “নিরাপত্তাজনিত কারণে” আগামী ১২ ও ১৩ নভেম্বর ক্লাস ও পরীক্ষা স্থগিত বা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় 

১১ নভেম্বর, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলোর পৃথক বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের বিষয়ে অবহিত করা হয়েছে। এদিন বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের গাড়িগুলো ছাড়া হয়নি বলেও খবর পাওয়া গেছে।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এক জরুরি নোটিশে জানিয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজ (১১ নভেম্বর) দুপুর ১টা থেকে শুরু করে পরবর্তী ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর ১৩ নভেম্বর সন্ধ্যায় ১৪ নভেম্বরের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে। নোটিশে আরও বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস ও সকল রুটের বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে ১২ ও ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দপ্তর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

রাজধানীর বসুন্ধরা আবাসিকে অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ওই দিন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী অনলাইনে পাঠদান চলবে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সব শাটল বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সম্প্রতি রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনা ঘটেছে—এর মধ্যে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস গতরাতে ধানমন্ডিতে অগ্নিসংযোগের শিকার হয়। ইউল্যাব কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং আপাতত ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে চলার আহ্বান জানিয়েছে।

এদিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জানিয়েছে, অনিবার্য কারণে ১২ ও ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কোনও পরীক্ষার আয়োজন করা হবে না এবং পরবর্তীতে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইন্টারনেট সংযোগজনিত কোনও সমস্যা হলে সংশ্লিষ্ট শিক্ষক বিভাগীয় চেয়ারম্যানের পরামর্শে মেকআপ ক্লাসের ব্যবস্থা করবেন। বিশ্ববিদ্যালয়ের অফিস ১২ নভেম্বর খোলা থাকবে, তবে ১৩ নভেম্বর অফিস কার্যক্রম হোম অফিস ভিত্তিতে পরিচালিত হবে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবারের মেকআপ ক্লাসগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাস ও সীমিত প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।

তবে ‘তথাকথিত’ কর্মসূচি নিয়ে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। ডিএমপি কমিশনার বলেন, কিছুদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টায় লিপ্ত। সেই  প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি তাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হয়ে ঝটিকা মিছিলের আয়োজন করছে এবং ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। 

কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যক্রম নিষিদ্ধ দলটির এই হীন অপতৎপরতা রোধে সচেষ্ট রয়েছে এবং ১ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব অপকর্মের সঙ্গে জড়িত মোট ৫৫২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে আসা এবং বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করে নাশকতারীদের সনাক্ত করার কাজ চলছে।