১ কোটি ২৫ লাখ অ্যাকাউন্টের ডেটা হাতিয়ে নিল শাইনিহান্টারস

১ কোটি ২৫ লাখ অ্যাকাউন্টের ডেটা হাতিয়ে নিল শাইনিহান্টারস
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫৭  

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন অটোমোটিভ মার্কেটপ্লেস কারগুরুস ব্যাপক ডেটা চুরির শিকার হয়েছে। নিরাপত্তা গবেষক ট্রয় হান্টের ডেটা-বিচ নোটিফিকেশন সাইট ‘হ্যাভ আই বিন পাউন্ড’ জানিয়েছে, এই ঘটনায় প্রতিষ্ঠানটির ১ কোটি ২৫ লাখ গ্রাহক অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে। খবর টেকক্রাঞ্চ।

চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর এবং প্রকৃত ঠিকানা। পাশাপাশি ইউজার অ্যাকাউন্ট আইডি ম্যাপিং, ফাইন্যান্স প্রিকোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন ডেটা এবং ডিলার অ্যাকাউন্ট ও সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্যও রয়েছে বলে জানিয়েছে হ্যাভ আই বিন পাউন্ড।

এই হামলার জন্য কুখ্যাত হ্যাকার গ্রুপ শাইনিহান্টারসকে দায়ী করা হচ্ছে। গ্রুপটি হেল্প ডেস্কে ফোন করে নিজেদের কর্মী পরিচয় দেওয়ার মতো সামাজিক প্রকৌশল কৌশলের জন্য পরিচিত। এর আগে তারা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং সেলসফোর্সের গ্রাহক (গুগল ও ওয়ার্কডে-সহ) প্রতিষ্ঠানের ১ বিলিয়নের বেশি রেকর্ড চুরি করেছিল। সম্প্রতি পর্নহাব ও ফিনটেক লেন্ডিং জায়ান্ট ফিগারের হ্যাকের দায়ও তারা দাবি করেছে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত কারগুরুস একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে গ্রাহকরা গাড়ি কেনা-বিক্রি ও অর্থায়ন করতে পারেন। এই ঘটনায় কারগুরাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এ বছর এটি দ্বিতীয় অটোমোটিভ-সম্পর্কিত ডেটা লিকের ঘটনা। গত মাসে হ্যাভ আই বিন পাউন্ড জানিয়েছিল, আরেক অটোমোটিভ মার্কেটপ্লেস কারম্যাক্সের প্রায় ৪ লাখ ৩১ হাজার ইমেল ঠিকানা, নাম, ফোন নম্বর ও প্রকৃত ঠিকানা প্রকাশিত হয়েছে।

ডিবিটেক/বিএমটি