ফের খুললো অনলাইনে মৃত্যুনিবন্ধন; যেভাবে আবেদন
অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন জনসাধারণের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত বছরের ২১ নভেম্বর থেকে শুধুমাত্র নিবন্ধন কার্যালয় থেকে মৃত্যু নিবন্ধন আবেদন কার্যক্রম চলমান ছিল। ২৩ ফেব্রুয়ারি, সোমবার তা জনসাধারণের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধনের’ ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সিস্টেমের (বিডিআরআইএস) অধিকতর নিরাপত্তার বাড়ানোর জন্য গত ২১ নভেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু নিবন্ধন কার্যালয় থেকে মৃত্যুনিবন্ধন আবেদন কার্যক্রম চলমান ছিল। পাবলিক সাইট থেকে অনলাইনে মৃত্যুনিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকায় আবেদনকারীদের সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ের সহকারীর (অনুমোদিত ব্যবহারকারী) ইউজার আইডি থেকে মৃত্যুনিবন্ধনের আবেদন করতে হতো। অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কার্যক্রম কখনোই বন্ধ ছিল না।
বিজ্ঞপ্তির নিচেই ২০২৫ সালের নভেম্বর থেকে জানুয়ারি এবং চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মৃত্যু নিবন্ধনের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, অনলাইনে মৃত্যু নিবন্ধনের আবেদনের জন্য bdris.gov.bd/dr/application লিংকে প্রবেশ করে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে তথ্য অনুসন্ধান করে ফরম পূরণ করতে হয়। এরপর মৃত্যুর স্থান ও কারণ উল্লেখ করে, প্রয়োজনীয় কাগজপত্র (মৃত্যুর প্রমাণপত্র, আবেদনকারীর আইডি) সংযুক্ত করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনে ১৫ দিনের মধ্যে আবেদন জমা দিতে হয়।
অনুসন্ধান: মৃত ব্যক্তির ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ (YYYY-MM-DD) লিখে সার্চ করুন
তথ্য পূরণ:
- তথ্য প্রদানকারী: আবেদনকারীর (মৃতের আত্মীয়) নাম ও আইডি কার্ডের তথ্য দিন।
- কাগজপত্র সংযুক্তি: হাসপাতালের মৃত্যু সনদ, ডাক্তারের প্রত্যয়ন, বা লাশ দাফন/সৎকারের কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন।
- দাখিল: সব তথ্য যাচাই করে আবেদনটি সাবমিট করুন এবং প্রিন্ট কপি নিয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে স্থানীয় অফিসে যোগাযোগ করুন।
- মৃত্যুর প্রমাণপত্র (হাসপাতাল/চিকিৎসক/স্থানীয় ওয়ার্ড মেম্বার কর্তৃক)।
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)।
- নিবন্ধনের পর অনলাইনে বা অফিস থেকে মৃত্যু সনদ সংগ্রহ করা যাবে।
ডিবিটেক/এমএ/ইকে







