পেপ্যালকে কিনতে চায় স্ট্রাইপ

পেপ্যালকে কিনতে চায় স্ট্রাইপ
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫৬  

অনলাইন পেমেন্ট প্রসেসর স্ট্রাইপ অপর ডিজিটাল পেমেন্টের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান পেপ্যাল পুরোপুরিভাবে কিংবা এর অংশবিশেষ অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, বেসরকারিখাতে বিশ্বের সবচেয়ে মূল্যবান পেমেন্ট কোম্পানি স্ট্রাইপ পেপ্যাল কেনার সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আলোচনা এখনো প্রাথমিক স্তরে আছে এবং চুক্তি যে চূড়ান্ত হবে তার কোনো নিশ্চয়তা নেই বলে সূত্রটি জানিয়েছে।

খবরটি প্রকাশের পর মঙ্গলবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে পেপ্যালের শেয়ারদর ৬.৭ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ০১ ডলারে শেষ হয়েছে, যা প্রতিষ্ঠানটির বাজার মূল্য ৪৩.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। স্ট্রাইপ এবং পেপ্যালের পক্ষ থেকে এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একটি পৃথক উদ্যোগে মঙ্গলবারই কর্মীদের শেয়ার ক্রয়ের টেন্ডার অফারের মাধ্যমে স্ট্রাইপের মূল্যায়ন ১৫৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ১৯৯০-এর দশকের শেষ দিকে প্রতিষ্ঠিত পেপ্যাল সম্প্রতি অ্যাপল এবং গুগলের মতো প্রযুক্তি জায়ান্টের কাছ থেকে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। 

সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যালেক্স ক্রিসকে অপসারণ করা হয়েছে এবং বোর্ড চেয়ার এনরিকে লোরেসকে নতুন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লোরেস আগামী ১ মার্চ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

ডিবিটেক/বিএমটি