বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে নিজস্ব বিদ্যুৎকেন্দ্র তৈরির নির্দেশ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের ডেটা সেন্টারের জন্য নিজস্ব বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ‘রাষ্ট্রের অবস্থা’ (স্টেট অব দ্য ইউনিয়ন) ভাষণে তিনি এ কথা জানান। খবর রয়টার্স।
ট্রাম্প বলেন, বাড়তি বিদ্যুৎ চাহিদা যাতে সাধারণ গ্রাহকদের বিল না বাড়ায়, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একে ‘রেট পেয়ার প্রোটেকশন প্লেজ’ (গ্রাহক সুরক্ষা অঙ্গীকার) হিসেবে অভিহিত করেন।
“আমরা পুরোনো একটি গ্রিডের ওপর নির্ভরশীল। এত বিপুল পরিমাণ বিদ্যুতের চাহিদা মেটানোর সক্ষমতা এটির নেই। তাই আমি তাদের বলছি, তারা নিজেদের বিদ্যুৎকেন্দ্র বানাতে পারে। নিজেরাই তাদের প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করবে। এতে যেমন কোম্পানিগুলোর বিদ্যুৎ পাওয়া নিশ্চিত হবে, তেমনি আপনাদের জন্যও বিদ্যুতের দাম কমবে,” বলেন ট্রাম্প।
কোন কোন কোম্পানিকে এই নির্দেশ দেওয়া হয়েছে বা কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে হোয়াইট হাউসের দুটি সূত্র জানিয়েছে, আগামী মার্চের শুরুর দিকে এই উদ্যোগকে আনুষ্ঠানিক রূপ দিতে কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকের আয়োজন করা হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার স্থাপনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এসব কেন্দ্র স্থাপনের ফলে এলাকায় বিদ্যুতের চাহিদা ও মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম পাওয়ার গ্রিড অপারেটর পিজেএম ইন্টারকানেকশন ইতিমধ্যেই একটি পরিকল্পনা ঘোষণা করেছে, যাতে বড় বিদ্যুৎ গ্রাহকদের নিজেদের উৎপাদন ক্ষমতা আনার বা গ্রিডে চাপ থাকলে ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে।
ডিবিটেক/বিএমটি



