বিআরটিএর অনলাইন ফি আদায়ে আরও ২১ কোটি টাকা অনুমোদন

যানবাহনের কর ও ফি আদায়ের পরিমাণ বাড়ায় বিআরটিএর অনলাইন ব্যাংকিং ব্যবস্থার চলমান চুক্তিতে অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিআরটিএর অনলাইন ফি আদায়ে আরও ২১ কোটি টাকা অনুমোদন
১৭ জুন, ২০২৬ ২০:৫১  

যানবাহনের কর ও ফি আদায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনলাইন ব্যাংকিং ব্যবস্থার চলমান চুক্তিতে অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

১৭ জুন বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর বিআরটিএর যাবতীয় কর ও ফি অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস (সিএনএস)-কে নিয়োগ দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী, পাঁচ বছরে আনুমানিক ৪ কোটি ৫০ লাখ লেনদেনের জন্য প্রতিটি ট্রানজেকশনে ৪৫ দশমিক ৩৫ টাকা হারে এন্ট্রি ফি বাবদ ২০৪ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যান্য পরিশোধযোগ্য ব্যয়সহ মোট ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকার চুক্তি সম্পাদিত হয়।

আগামী ১৬ জুলাই ২০২৬ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে মোটরযানের কর ও ফি জমা বৃদ্ধির কারণে পূর্বনির্ধারিত লেনদেনের সংখ্যা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য অতিরিক্ত ৪৫ লাখ ট্রানজেকশনের জন্য প্রতি লেনদেনে ৪৫ দশমিক ৩৫ টাকা হিসেবে (ভ্যাট ও আইটিসহ) অতিরিক্ত ২১ কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এর ফলে চুক্তির মোট মূল্য বেড়ে দাঁড়াবে ২৪০ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। সংশোধিত এই ব্যয় মূল চুক্তিমূল্যের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ বেশি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ডিসেম্বরে সরকার ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের নিবন্ধন, মালিকানা হস্তান্তর এবং যানবাহনের তথ্য সংশোধন প্রক্রিয়া সহজীকরণ করে। পাশাপাশি বিভিন্ন ধরনের কর ও ফি’র ওপর বিলম্বজনিত জরিমানা ছয় দফায় মওকুফ করায় অনলাইন লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

//ডিবিটেক/বিএনও/ইকে//