দীপ্ত-তে ক্ষিপ্ত নিলয়!

না জানিয়ে ইউটিউবে নাটক রিলিজ

দীপ্ত-তে ক্ষিপ্ত নিলয়!
১৪ জুন, ২০২৫ ১৫:০৮  
১৪ জুন, ২০২৫ ১৯:০৯  

নির্মাতা ও অভিনয়শিল্পীদের না জানিয়ে দীপ্ত নাটক নামের ইউটিউব চ্যানেলে ঈদের একটি নাটক প্রকাশ করায় ক্ষিপ্ত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর! অবশ্য এই ক্ষোভকে অনেকেই ধরে নিচ্ছেন নাটকের প্রচারণার অংশ হিসেবে। তবে এটি সত্যিকারের ক্ষোভ প্রকাশ হলেও, আদতে প্রচারণার অংশ হিসেবেই যুক্ত হলো!

১৩ জুন ফেসবুকে নিলয় আলমগীর লিখেছেন, ‘দীপ্ত টিভির ইউটিউব চ‍্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে (শুক্রবার)। কিন্তু রিলিজের ব‍্যাপারে আমরা কোনও আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না। হয়তো এই নাটকের প্রযোজক আলী বশির সাহেব জানেন।’

আরও লিখেছেন, ‘যেহেতু ডিজিটাল প্ল‍্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’

এ বিষয়ে দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের প্রতিও অভিযোগের আঙ্গুল তুলেছেন অভিনেতা।

নিলয় আলমগীরের পোস্ট শেয়ার করে নির্মাতা হাসিব হোসেন রাখি লিখেছেন, ‘একটা নাটক আপলোড করার আগে নাটকের ডিরেক্টর, আর্টিস্টদের সঙ্গে কথা বলা উচিত।’

অভিনেতা-নির্মাতার এমন কৌশলী প্রতিবাদকে প্রচারণা ছাড়া আর কিছুই মনে করছেন না অনেকেই। যার নজির নিলয়ের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরেও মিলেছে। 

নিলয়ের পোস্টের সূত্র ধরে খোঁজ নিয়ে খুব সহজেই মিলেছে নাটকটির নাম-পরিচয়। এটির নাম ‘আপন পর’। ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভিতে প্রচার হয়েছে নাটকটি। এরপর যথা নিয়মে ১৩ জুন চ্যানেলটির ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়। দেশের যে কোনও টিভি নাটকের ক্ষেত্রে সাধারণত এটাই নিয়ম। যেখানে ইউটিউবে প্রচারের ক্ষেত্রে টিভি চ্যানেলগুলো বাড়তি কোনও প্রচারণায় যায় না। তাদের সকল প্রচারণা থাকে টিভি চ্যানেলকেন্দ্রিক। 

তবে টিভি চ্যানেলের বাইরে ইউটিউবভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এসব প্রচারণা করে থাকে, যেখানে আবার টিভি সম্প্রচারের বিষয়ে কোনও প্রচারণা করা হয় না, সাধারণত।

আপন পর নাটকের গল্পে দেখা যায়, ছোটবেলায় মা হারানো সোহাগ তার বাবা মারা যাওয়ার পর দাদির কাছে ছোট ভাই রেজাউলকে রেখে মালয়েশিয়া চলে যায়। এরপর আর কোনো খোঁজখবর নেয়নি ভাইয়ের। সেই থেকে নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে বড় হয় রেজাউল। হঠাৎ করে একদিন নিজের স্ত্রীকে নিয়ে সোহাগের কাছে মালয়েশিয়ায় চলে যায় রেজাউল। তার ইচ্ছা জীবনের কয়েকটা দিন বড় ভাইয়ের সঙ্গে কাটানো। সেখানে যাওয়ার পর রেজাউল ও তার স্ত্রীকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা।

আপন পর নাটকে নিলয় আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। আরও আছেন আশরাফুল আলম সোহাগ, হানিফ পালোয়ান, শর্মী প্রমুখ।