'স্টার ওয়ার্স'-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

'স্টার ওয়ার্স'-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
৮ আগষ্ট, ২০২৬ ১৪:৪২  

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপাচ্ছে হলিউড সুপারস্টার টম হল্যান্ড অভিনীত নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এবার উত্তর আমেরিকার বক্স অফিসে মাত্র সাত দিনেই ৫০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা) আয়ের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করে এক নতুন ইতিহাস গড়েছে ছবিটি। উত্তর আমেরিকার বক্স অফিসের ইতিহাসে এত দ্রুত এই অঙ্কে পৌঁছানোর রেকর্ড আর কোনো সিনেমার নেই।

​টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত এই ব্লকবাস্টার সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে ৫০০ মিলিয়ন ডলারের গণ্ডি পেরোনো ২৩তম চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’, যার মোট আয় ৯৩৬ দশমিক ৬ মিলিয়ন ডলার। এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ৫০০ মিলিয়ন ডলারের ক্লাবে পৌঁছাতে ১২ দিন সময় নিয়েছিল। সেই তুলনায় নতুন সিনেমাটির মাত্র সাত দিনের এই অর্জনকে চলচ্চিত্র দুনিয়ায় এক বিশাল সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

​হলিউডভিত্তিক গণমাধ্যম ডেডলাইনের তথ্য অনুযায়ী, গত বুধবার এক দিনেই সিনেমাটি উত্তর আমেরিকায় ৩২ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করেছে। নন-ওপেনিং সিনেমা হিসেবে কোনো বুধবারে উত্তর আমেরিকার বক্স অফিসে এটি দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড। এই ক্ষেত্রেও ৩৮ মিলিয়ন ডলার নিয়ে এখনো শীর্ষে অবস্থান করছে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’।

​চলতি সপ্তাহান্তেও সিনেমাটির এই জয়রথ অব্যাহত থাকবে বলে আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। বিশেষ করে প্রিমিয়াম লার্জ ফরম্যাট এবং আইম্যাক্স (IMAX) প্রদর্শনী যুক্ত হওয়ায় এর আয়ের গতি আরও বহুগুণ বেড়ে যাবে। শুধু উত্তর আমেরিকাই নয়, বিশ্বজুড়ে ইতিমধ্যেই ছবিটির মোট আয় ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলারের ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলেছে। একের পর এক রেকর্ড ভেঙে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এখন চলতি বছরের সবচেয়ে আলোচিত ও সফল সিনেমায় পরিণত হয়েছে।

//ডেবিটেক/এনএমপি/এসএমই//